চিংড়িঘেরের কর্মচারীকে গলা কেটে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার কলারোয়ার বসন্তপুর এলাকায় চিংড়িঘেরের কর্মচারী আবদুল মান্নানকে (২৩) গলা কেটে হত্যা করা হয়েছে। এ সময় ঘাতক সাজু হোসেনকে (২৭) আটক করতে গিয়ে পুলিশসহ দুজন আহত হয়েছেন। আজ সোমবার বেলা পৌনে একটার দিকে ঘটনাটি ঘটে।

নিহত আবদুল মান্নান যশোরের মনিরামপুর উপজেলার দত্তকোনা গ্রামের ইসমাইল হোসেন গাজীর ছেলে। আহত দুজন হলেন কনস্টেবল কমলেশ সানা ও জয়নগর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ড সদস্য জয়দেব সানা।

প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, কেশবপুর উপজেলার পাজিয়া গ্রামের ইউপি সদস্য আবদুল খালেক কলারোয়া উপজেলার বসন্তপুর এলাকায় দীর্ঘদিন ধরে মাছের ঘের করে আসছিলেন। ওই ঘেরের কর্মচারী ছিলেন আবদুল মান্নান। তিনি ঘেরের বাসায় তাঁর স্ত্রীকে নিয়ে বসবাস করতেন। আজ দুপুরে তিনি বাসার বাইরে বসে ছিলেন। হঠাৎ গ্রামের সাজু হোসেন দা দিয়ে কুপিয়ে আবদুল মান্নানের গলা কেটে ফেলেন। এ সময় স্থানীয় লোকজন তাঁকে ঘেরাও করে সরসকাঠি পুলিশ ক্যাম্পে খবর দেন। পরে পুলিশ তাঁকে আটক করতে গেলে তিনি দা দিয়ে হামলা করেন। এতে এক পুলিশ সদস্য ও এক ইউপি সদস্য আহত হয়েছেন।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালেহ মো. মাসুদ করিম জানান, সাজুকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যার কারণ জানতে চাইলে সাজু বলেন, ‘ইচ্ছে হয়েছে, তাই খুন করেছি।’