কক্সবাজারের মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়নের বেগুনবুনিয়ার দক্ষিণ-পশ্চিমে চিংড়িঘেরের জন্য প্যারাবন কেটেছে ভূমিদস্যুরা।
এ ঘটনায় মাতারবাড়ী বন বিট কর্মকর্তা আলতাফ হোসেন গতকাল সোমবার সিরাজুল ইসলাম নামের এক ব্যক্তিসহ পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৩০ জনকে।
গত শনিবার সরেজমিনে দেখা যায়, প্রায় ৩০ একর প্যারাবন কেটে চিংড়িঘেরের জন্য বাঁধ তৈরি করা হয়েছে। আর বাঁধের ভেতরে পড়ে আছে কয়েক হাজার কাটা বাইনগাছ। স্থানীয় লোকজন লাকড়ি হিসেবে ব্যবহারের জন্য কাটা বাইনগাছগুলো নিয়ে যাচ্ছে। শনিবার উপকূলীয় বন বিভাগের গোরকঘাটা রেঞ্জ কর্মকর্তা খন্দকার গিয়াস উদ্দিন ও ধলঘাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামরুল হাসানের নেতৃত্বে বনকর্মীরা ওই বাঁধ কেটে দেন।
ইউপি চেয়ারম্যান কামরুল হাসান প্রথম আলোকে বলেন, প্যারাবন বিভিন্ন দুর্যোগ আর জলোচ্ছ্বাস থেকে স্থানীয় জনগণকে রক্ষা করে। অথচ অবৈধভাবে চিংড়িঘের তৈরির জন্য এক মাস ধরে ভূমিদস্যুরা প্রকাশ্যে প্যারাবন নিধন করছে। তিনি বলেন, চিংড়িঘেরের বাঁধ তৈরির জন্য ইতিমধ্যে প্রায় ৫০ হাজার বাইনগাছ কেটে ফেলা হয়েছে।
উপকূলীয় বন বিভাগের মহেশখালীর মাতারবাড়ী বিট কর্মকর্তা আলতাফ হোসেন বলেন, ধলঘাটা ইউনিয়নের বেগুনবুনিয়ার দক্ষিণ-পশ্চিমে জেগে ওঠা চরে ২০১১-১২ অর্থবছরে প্রায় ৪২০ হেক্টর বনভূমিতে প্যারাবন সৃজন করা হয়। কিন্তু সম্প্রতি চিংড়িঘেরের বাঁধ তৈরির জন্য একদল ভূমিদস্যু ওই প্যারাবন কেটেছে। তাঁরা এতে কয়েকবার বাধা দিলেও কাজ হয়নি। এ ঘটনায় তাঁরা ভূমিদস্যু সিরাজুল ইসলাম, মোহাম্মদ উচমান, নাসির উদ্দিন ও নুরুল আমিনের বিরুদ্ধে গত ২১ অক্টোবর মহেশখালী বিচারিক হাকিমের আদালতে মামলা করেন। তারপরও ভূমিদস্যুরা প্যারাবন কাটে। এরপর দুই সপ্তাহ আগে তাঁরা থানায় লিখিত অভিযোগ দেন। এরপরও প্যারাবন নিধন বন্ধ না হওয়ায় গতকাল তাঁরা থানায় একটি মামলা করেন।
সিরাজুল ইসলাম বলেন, ‘আমি পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে আট একর জমি ইজারা নিয়ে লবণমাঠের জন্য বাঁধ নির্মাণ করেছি। এ কাজ করতে গিয়ে কোনো প্যারাবন নিধন করা হয়নি।’
পানি উন্নয়ন বোর্ডের কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মো. সবিবুর রহমান বলেন, ‘প্যারাবন আছে, এ রকম জায়গা কাউকে ইজারা দেওয়া হয়নি। এরপরও কেউ আমাদের নাম ব্যবহার করে গাছ কেটে থাকলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল চন্দ্র বণিক বলেন, ভূমিদস্যুদের ধরার জন্য পুলিশ নানাভাবে চেষ্টা করছে।
পানি উন্নয়ন বোর্ডের সরকারি জায়গা ইজারা দেওয়ার এখতিয়ার আছে কি না, জানতে চাইলে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল কালাম বলেন, জেলা প্রশাসক ছাড়া অন্য কারও সরকারি জমি ইজারা দেওয়ার সুযোগ নেই।