চিংড়িঘেরের নালা নিয়ে বিরোধ, সংঘর্ষে আহত ৫, ঘরে আগুন
সাতক্ষীরার শ্যামনগরে চিংড়িঘেরে পানি তোলার নালা নিয়ে সংঘর্ষে তিন নারীসহ পাঁচজন আহত হয়েছেন। একটি ঘর ও একটি শৌচাগার ভাঙচুর করে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার বিকেল পৌনে চারটার দিকে শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের সোনাখালীতে এ ঘটনা ঘটে।
সোনাখালী গ্রামের তপন কুমার মণ্ডল জানান, তাঁদের ব্যক্তিগত জমির ওপর দিয়ে চিংড়িঘেরে পানি তোলার জন্য একটি নর্দমা ছিল। পাঁচ-ছয় মাস আগে তাঁরা নালাটি বন্ধ করে তার ওপর একটি কাঁচা ঘর নির্মাণ করে বসবাস করছিলেন।
ওই গ্রামের আমিনুর রহমান, বজলুর রহমান ও সুখেন্দ্র কুমার মণ্ডল জানান, গতকাল ঘেরমালিক ও স্থানীয় ইউপি সদস্য পতিত পবন মণ্ডলের নেতৃত্বে ৩০-৪০ জন লোক পুলিশের উপস্থিতিতে তপন কুমার মণ্ডলের নালা বন্ধ করে সেই স্থানে নির্মিত ঘর ও একটি শৌচাগার ভাঙচুর করেন। পরে ঘর ও শৌচাগারে আগুন দেন। এ সময় বাধা দিতে গেলে তপন কুমার মণ্ডলের স্ত্রী অঞ্জলি রানী মণ্ডল (৩৪), বাবা ভরত চন্দ্র মণ্ডল (৭০), ভাইয়ের স্ত্রী কণিকা রানী মণ্ডল (৩২) ও লতিকা রানী মণ্ডল (৩৩) আহত হন।
তপন কুমার মণ্ডল অভিযোগ করেন, এ সময় থানার উপপরিদর্শক তরিকুল ইসলাম, অসীম হালদারসহ পুলিশের উপস্থিতিতে তাঁদের মারধর ও ঘরে আগুন দেওয়া হয়েছে।
রমজাননগর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য পতিত পবন মণ্ডল জানান, অনেক দিন আগে থেকে ১৯টি পরিবারের ২২৫ বিঘার চিংড়িঘেরের জমিতে ওই নর্দমা দিয়ে নদী থেকে পানি তোলা হয়। স্থানীয় বিরোধকে কেন্দ্র করে তপন কুমার মণ্ডল কয়েক দিন আগে নালার ওপর একটি ঘর নির্মাণ করে পানি তোলা বন্ধ করে দেন। গতকাল তাঁরা কয়েকজন নালার ওপর ঘরটি সরাতে গেলে তপনের নেতৃত্বে তাঁদের ওপর হামলা করা হয়। এ সময় ইটের আঘাতে হরিপদ মণ্ডল (৪০) আহত হন। তখন তাঁরা তাঁদের নিজেদের ঘরে আগুন ধরিয়ে দিয়েছেন।
উপপরিদর্শক অসীম হালদার প্রথমে বলেন, তিনি ও তরিকুল ইসলাম, আবুল কালামসহ কয়েকজন সেখানে গিয়েছিলেন। তাঁরা কাউকে মারধর করেননি। বরং দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করেছেন। ঘরে আগুন দিয়ে থাকলে তপন কুমার মণ্ডলরা দিয়েছেন।
পরে এ ব্যাপারে যোগাযোগ করা হলে অসীম হালদার মুঠোফোনে বলেন, তরিকুল ইসলাম ঘটনাস্থলে যাননি। ওসি যেতে বলেছিলেন বলে তাঁরা কয়েকজন পরিস্থিতি শান্ত করতে গিয়েছিলেন। তাঁদের উপস্থিতিতে মারধরের প্রশ্নই ওঠে না।