চিংড়ির ওজন বাড়াতে মাথায় সাগু ও জেলি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওজন বাড়ানো ও চকচকে সতেজ দেখানোর জন্য সিরিঞ্জে সাগু ও জেলি ভরে তা ঢোকানো হচ্ছিল গলদা চিংড়ির মাথার খোলসের নিচে। গোপনে এ খবর শুনে হানা দেন ভ্রাম্যমাণ আদালত। হাতেনাতে ধরে মাছ ব্যবসায়ী মনিরুল সানাকে (২০) এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

গতকাল শুক্রবার রাত পৌনে ১২টার দিকে ফরিদপুর শহরের হেলিপোর্ট বাজারে এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী হাকিম ডেপুটি কালেক্টর নেজারত (এনডিসি) পারভেজ মল্লিক।

মনিরুল সানা খুলনা জেলার কয়রা উপজেলার শ্রী গোলতলা মহল্লার বাসিন্দা।

আদালত সূত্রে জানা যায়, ওই মাছ ব্যবসায়ী খুলনা থেকে ২১১ কেজি গলদা চিংড়ি ফরিদপুরে বিক্রি করতে নিয়ে আসেন। রাতে শহরের হেলিপোর্ট বাজারের একটি আড়তে বসে তরল সাগু ও জেলি সিরিঞ্জে ভরে তা প্রতিটি মাছের মাথার মধ্যে ঢোকাতে শুরু করেন। এ খবর পেয়ে আদালত বাজারের শেষ প্রান্তে অবস্থিত ওই আড়তে অভিযান চালিয়ে ওই ব্যবসায়ীকে ধরেন। পরে সেখানেই ওই মাছ ব্যবসায়ীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়। মাছগুলো মাটিচাপা দেওয়া হয়।

নির্বাহী হাকিম পারভেজ মল্লিক বলেন, ওই মাছ ব্যবসায়ীকে ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫২ ধারায় (কোনো ব্যক্তি কোনো আইন বা বিধির অধীন নির্ধারিত বিধিনিষেধ অমান্য করে সেবাগ্রহীতার জীবন বা নিরাপত্তা বিপন্ন হতে পারে) দোষী সাব্যস্ত করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।