চিকন থেকে মোটা করার অপচিকিৎসার দায়ে সাতজনকে জেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোটা করার প্রলোভন দিয়ে অপচিকিৎসা করার দায়ে গতকাল বুধবার দনিয়ায় পাঁচটি প্রতিষ্ঠানের সাতজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন র্যা বের ভ্রাম্যমাণ আদালত। তাঁরা হলেন মো. ইউসুফ হোসেন (৩৪), কবির হোসেন (২০), মোফাজ্জল হোসেন (৩২), শামীম মিয়া (২৪), আল-মামুন মিয়া (২৬), রাহাত মিয়া (৪২) ও উজ্জ্বল হাওলাদার (২৪)।
র্যা ব সূত্র জানায়, গতকাল বেলা ১১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমের নেতৃত্বে র্যা বের ভ্রাম্যমাণ আদালত দনিয়ায় অভিযান চালান। বেলা তিনটা পর্যন্ত চলা অভিযানে নিরাময় আয়ুর্বেদিক মেডিকেল, দেশ হারবাল মেডিকেল, কলিকাতা হারবাল মেডিকেল ইউনানি ঔষধালয়, ইন্ডিয়ান হারবাল মেডিকেল ও সেফা হারবাল মেডিকেলে অভিযান চালান আদালত। অভিযানে অংশ নেয় র্যা ব-১০-এর একটি দল ও ওষুধ প্রশাসনের কর্মকর্তারা। ভ্রাম্যমাণ আদালত দেখতে পান প্রতিষ্ঠানগুলোতে যাঁরা চিকিৎসা দিচ্ছিলেন, তাঁরা চিকিৎসক নন। তাঁরা অষ্টম থেকে নবম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। তাঁদের আয়ুর্বেদিক ও হারবাল বিষয়ে পড়াশোনা নেই। প্রতিষ্ঠানগুলোতে চটকদার বিভিন্ন বিজ্ঞাপন ও আকর্ষণীয় সাইনবোর্ড লাগিয়ে বিভিন্ন জটিল ও কঠিন রোগের গ্যারান্টিসহ সুচিকিৎসা প্রদান করা হয় মর্মে সাধারণ রোগীদের আকৃষ্ট করা হচ্ছিল। এর দায়ে আদালত পাঁচ প্রতিষ্ঠানের সাতজনকে তিন থেকে ছয় মাস পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম প্রথম আলোকে বলেন, দণ্ড পাওয়া ব্যক্তিদের ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে। ওষুধ প্রশাসনের অনুমোদন ও বিশেষজ্ঞ ছাড়াই বিভিন্ন ধরনের হারবাল ওষুধ তৈরি করছিল প্রতিষ্ঠানগুলো। এসব ওষুধ সেবন করলে কিডনি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। অভিযানের সময় আদালত চিকন থেকে মোটা করার পাঁচ কার্টন ট্যাবলেট জব্দ করেছে।