চিকলী নদী থেকে বালু তোলা বন্ধ
রংপুরের তারাগঞ্জ উপজেলার চিকলী নদীর পাঠোয়ারীপাড়া এলাকা থেকে বালু উত্তোলন বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। প্রথম আলোয় সংবাদ প্রকাশের পর গত শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে ওই স্থান থেকে বালু তোলা বন্ধ হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা সদর থেকে ১০ কিলোমিটার দূরে সয়ার ইউনিয়নের পাটোয়ারীপাড়া গ্রাম। ওই গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে চিকলী নদী। এর ওপর দিয়ে চলে গেছে তারাগঞ্জ-বদরগঞ্জ সড়ক। পাটোয়ারীপাড়া এলাকায় ওই সড়কের ছয় গজ দূরে নদীতে শ্যালো যন্ত্র বসিয়ে এক মাস ধরে বালু তুলছিলেন পাটোয়ারীপাড়া গ্রামের বাসিন্দা ও সয়ার ইউপি সদস্য সাইদুল ইসলাম। এ জন্য স্থানীয় প্রশাসনের অনুমতি নেননি তিনি।
এ নিয়ে ১৯ নভেম্বর প্রথম আলোতে ‘ইউপি সদস্যের বিরুদ্ধে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
সার্ভেয়ার দেলওয়ার হোসেন গতকাল সোমবার মুঠোফোনে বলেন, ইউএনওর নির্দেশে ২০ নভেম্বর ঘটনাস্থলে গিয়ে বালু উত্তোলন বন্ধ করে দেওয়া হয়েছে।