চিকিৎসক অনুপস্থিত, রোগীদের ভোগান্তি
পবিত্র ঈদুল আজহার ছুটির সুযোগে গতকাল বুধবার জামালপুরের মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো চিকিৎসকই দায়িত্ব পালন করেননি। শুধু জরুরি বিভাগে একজন ওয়ার্ড বয়ের সঙ্গে এক উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা মিলে রোগীদের সেবা দিয়েছেন। ফলে বহির্বিভাগে আসা শত শত রোগীকে দুর্ভোগ পোহাতে হয়।
জানা গেছে, ৫০ শয্যার এই হাসপাতালে চিকিৎসক আছেন ১১ জন। তাঁদের মধ্যে আটজনই ঈদের ছুটিতে আছেন। বাকি তিন চিকিৎসক এম এ জেড আবদুল কাদীর, শাহীন ও রাবেয়া বসরীর দায়িত্ব পালন করার কথা। কিন্তু তাঁরাও হাসপাতালে ছিলেন না।
গতকাল বুধবার সকাল ১০টায় হাসপাতালে গিয়ে দেখা যায়, বহির্বিভাগে রোগীদের তীব্র ভিড়। জরুরি বিভাগে রোগী দেখছেন ওয়ার্ড বয় খাইরুল ইসলাম ও উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা মো. মহব্বতুল্যাহ।
মো. মহব্বতুল্যাহ বলেন, ‘জরুরি বিভাগে চিকিৎসা দেওয়ার দায়িত্ব ছিল চিকিৎসক শাহীনের। কিন্তু তিনি অনুপস্থিত। তাই বাধ্য হয়ে আমাকেই দায়িত্ব পালন করতে হচ্ছে।’
চিকিৎসা নিতে আসা পৌর এলাকার নামাপাড়া গ্রামের বাবলু মিয়া বলেন, ‘সকাল সকাল আইলাম। এতক্ষণ বসা। তাও একজন ডাক্তারও পাইলাম না।’
এরপর গতকাল বেলা দুইটায় গিয়েও হাসপাতালে কোনো চিকিৎসক পাওয়া যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ওয়ার্ড বয় বলেন, ‘স্যারেরা ছুটিতে আছেন। চিকিৎসা নিতে হইলে কাল বা পরশু আসেন।’
বেলা তিনটা ২৮ মিনিটে এ বিষয়ে কথা বলতে মুঠোফোনে যোগাযোগ করা হলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ইউএইচও) মেহেদী ইকবাল বলেন, ‘আমি ডাক্তারদের ফোন করেছি। তাঁরা এখনই চলে আসবেন।’