চিকিৎসক ও কর্মচারীকে লাঞ্ছনার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খাদ্য সরবরাহে নতুন ঠিকাদারকে কার্যাদেশ দেওয়ার ঘটনায় ছাত্রলীগের সাবেক এক নেতা আবাসিক চিকিৎসকসহ এক কর্মচারীকে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।
স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মামুনুর রশিদ ও কর্মচারী প্রধান অফিস সহকারী (হেড ক্লার্ক) নাসির উদ্দিনকে লাঞ্ছিত করেন নূরে আলম নামের ওই ব্যক্তি। নাম প্রকাশে অনিচ্ছুক তিন প্রত্যক্ষদর্শী বলেন, চিকিৎসা প্রতিষ্ঠানটিতে রোগীদের খাদ্য সরবরাহের ঠিকাদার ছিলেন নূরে আলম। গতকাল তিনি চার-পাঁচজন লোক নিয়ে এসে এ ঘটনা চালান।
চিকিৎসক মামুনুর রশিদ বলেন, তিনি কিছু বুঝে ওঠার আগেই নূরে আলম চড়াও হন। তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করে মারতে উদ্যত হন।
হিসাবরক্ষক রফিকুল বলেন, নূরে আলম স্বাস্থ্য কমপ্লেক্সে খাদ্য সরবরাহ করতেন। কিন্তু এবার ২০১৫-১৬ অর্থবছরে সিরাজুল ইসলাম নামের আরেক জনকে কার্যাদেশ দেওয়া হয়। এতে ক্ষিপ্ত হন ছাত্রলীগের ওই সাবেক নেতা।
নূরে আলম বলেন, অনিয়মতান্ত্রিকভাবে স্বাস্থ্য কমপ্লেক্সে খাদ্য সরবরাহে নতুন ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছে। তবে তিনি কাউকে লাঞ্ছিত করেননি বলে দাবি করেন।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক বলেন, নূরে আলম জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ও উপজেলা ছাত্রলীগের স্কুলবিষয়ক সাবেক সম্পাদক ছিলেন।