বগুড়ার শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অন্তঃসত্ত্বাকে বের করে দেওয়া, পথে সন্তান প্রসব ও নবজাতকের মৃত্যুর ঘটনায় ওই স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক ও নার্সের বিরুদ্ধে মামলা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় শেরপুর থানায় মামলা করেন ওই নারীর স্বামী ইলিয়াছ হোসেন।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. এরফান বলেন, মামলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোস্তফা আলম আল্লামা তালুকদার (৪০) ও নার্স সুষমা রানীকে (৪২) আসামি করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) শামসুজ্জোহা বলেন, আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাসহ নবজাতকের লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।
উপজেলার গাড়িদহ গ্রামের বাসিন্দা ইলিয়াছ উদ্দিনের অভিযোগ, তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী মাজেদা খাতুনকে (৩১) গত মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা ওয়ার্ডে ভর্তি করা হয়। কিন্তু মহিলা ওয়ার্ডের নার্স সুষমা রানী তাঁর স্ত্রীকে পাশের ক্লিনিকে ভর্তি করার কথা বলেন। এতে তিনি রাজি না হলে রাত একটার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা ওয়ার্ডের প্রসবকক্ষ থেকে মাজেদাকে বের করে দেওয়া হয়। তখন নিরুপায় হয়ে তিনি স্ত্রীকে বের করে নিয়ে যাওয়ার সময় স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের সামনে খোলা আকাশের নিচে মাটির ওপর স্বাভাবিক প্রক্রিয়ায় কন্যাসন্তান প্রসব করেন মাজেদা। পরে নবজাতকটি মারা যায়।
অন্তঃসত্ত্বা ওই নারীকে তাড়িয়ে দেওয়া, পথে সন্তান প্রসব ও নবজাতকের মৃত্যুর অভিযোগ তদন্ত করে ১৪ ডিসেম্বর আদালতে প্রতিবেদন দাখিল করতে বগুড়ার জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।