বরিশালের গৌরনদী উপজেলায় মনতোষ সরকার নামের এক ব্যক্তির বিরুদ্ধে চিকিৎসক না হয়েও গাইনি বিশেষজ্ঞ পরিচয় দিয়ে রোগীদের সঙ্গে প্রতারণা করার অভিযোগ উঠেছে। গত বুধবার মনতোষের ভুলে এক নবজাতকের মৃত্যু হয়েছে বলে নবজাতকের পরিবার অভিযোগ করেছে।
এদিকে অতিরিক্ত রক্তক্ষরণে নবজাতকের মা স্কুলশিক্ষক পূর্ণিমা রানী গত ছয় দিন ধরে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন। এ ঘটনায় গতকাল সোমবার পূর্ণিমার স্বামী রতন হালদার বাদী হয়ে বরিশাল আদালতে মামলা করেন।
পূর্ণিমার পরিবারের সদস্যরা জানান, গত বুধবার সকালে গৌরনদীর টরকী বন্দর গার্লস হাইস্কুলের সহকারী শিক্ষক পূর্ণিমা রানীর প্রসব বেদনা শুরু হয়। স্বাভাবিকভাবে সন্তান প্রসব না হওয়ায় তাঁরা টরকী বন্দরের চিকিৎসক মনতোষের শরণাপন্ন হন। মনতোষ বুধবার দুপুরে পূর্ণিমার সন্তান প্রসবের চেষ্টা করেন। একপর্যায়ে ওই নবজাতককে তিনি জোর করে টেনে বের করে আনেন। এতে নবজাতক মারা যায়। পরে মনতোষ প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার কথা বলে কৌশলে সটকে পড়েন। এ ছাড়া অতিরিক্ত রক্তক্ষরণে পূর্ণমা রানী অজ্ঞান হয়ে পড়লে তাঁকে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পূর্ণিমা এখন মৃত্যুর সঙ্গে লড়ছেন।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক হাওয়া বেগম প্রথম আলোকে জানান, পূর্ণিমা এখনো শঙ্কামুক্ত নন।
রতন হালদার অভিযোগ করে বলেন, ‘মনতোষ সব সময় আমাদের কাছে নিজেকে একজন এমবিবিএস চিকিৎসক হিসেবে পরিচয় দিতেন। তিনি যে ভুয়া চিকিৎসক বিষয়টি আমাদের জানা ছিল না। এ ঘটনায় আমি গতকাল সোমবার বরিশাল আদালতে একটি মামলা দায়ের করেছি।’
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, মনতোষ দীর্ঘদিন ধরে নিজেকে একজন এমবিবিএস চিকিৎসক ও গাইনি বিশেষজ্ঞ হিসেবে পরিচয় দিয়ে এসেছেন। এভাবে তিনি ভুয়া পরিচয় দিয়ে চিকিৎসার নামে এলাকার রোগীদের সঙ্গে প্রতারণা করছেন।
তবে অভিযোগের ব্যাপারে জানতে চাইলে মনতোষ সরকার বলেন, ‘আমি কখনো নিজেকে গাইনি বিশেষজ্ঞ হিসেবে পরিচয় দিইনি। আমি পূর্ণিমার ডেলিভারি করানোর আগেই তিনি (পূর্ণিমা) মৃত সন্তান প্রসব করেন।’