চিকিৎসক না হয়েও দাঁতের চিকিৎসা দিচ্ছেন তাঁরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীতাতপনিয়ন্ত্রিত সুসজ্জিত চেম্বার, দামি ডেন্টাল ইউনিট, আসবাব সবই আছে। নেই শুধু তাঁদের অনুমোদিত ডিগ্রি। পড়াশোনার দৌড় সর্বোচ্চ উচ্চমাধ্যমিক হলেও তাঁরা নামের আগে ডাক্তার এবং নামের পরে নানা ‘ডিগ্রি’ লিখেন। বাংলাদেশ ডেন্টাল সোসাইটির (বিডিএস) সরবরাহ করা তালিকা অনুযায়ী এঁরা ‘হাতুড়ে দন্ত চিকিৎসক’। শেরপুর জেলা শহরে এমন চিকিৎসক আছেন নয়জন। এঁদের মধ্যে একজন আবার জেলা হাসপাতালে টেকনিশিয়ান হিসেবে কর্মরত।
‘ডা. আজহারুল ইসলাম, বি.ডি.এম.টি (ডেন্টাল), বি.এস.এম.এফ (ঢাকা), ফাইভ স্টার ডেন্টাল কেয়ার, জেলা হাসপাতাল রোড, নারায়ণপুর, শেরপুর। অথবা ডা. রতন চন্দ্র দাশ, বি.ডি.এম.টি (ডেন্টাল), বি.এস.এম.এফ (ঢাকা), বিএসসি ইন ডেন্টাল (ইনকোর্স)-ঢাকা বিশ্ববিদ্যালয়, এফ.টি (ঢাকা ডেন্টাল কলেজ এন্ড হাসপাতাল), দি রতন’স ডেন্টাল পয়েন্ট, ওসমান গণি সুপার মার্কেট, বটতলা, শেরপুর।’ এসব তথ্য দুই চিকিৎসকের প্রেসক্রিপশন ও সাইনবোর্ড থেকে পাওয়া। প্রকৃতপক্ষে এঁদের নামের শেষে লেখা কোনোটিই ডিগ্রি নয়। কিন্তু এগুলো দেখে সাধারণ মানুষ এঁদের বিশেষজ্ঞ চিকিৎসক বলে মনে করে।
প্রায় একই ধরনের ‘ডিগ্রি’ ব্যবহার করে দীর্ঘদিন ধরে শেরপুর জেলা শহরের কলেজ মোড়, নয়আনি বাজারে রকিবুল হাসান ওরফে রবিন, নিউমার্কেট এলাকায় মো. আবদুস সালাম ও মো. নূরুল ইসলাম, তিনআনি বাজার এলাকায় রাজীব, চকবাজার থানা মোড় এলাকায় মো. সাইফুল ইসলাম এবং খরমপুর এলাকায় মো. সুমন চেম্বার খুলে দন্ত চিকিৎসা দিচ্ছেন। শহরের বিভিন্ন স্থানে এঁদের সাইনবোর্ড আছে। স্থানীয় পত্রিকা ও বিভিন্ন দিনপঞ্জিতে (ক্যালেন্ডার) আছে বিজ্ঞাপন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমঅ্যান্ডডিসি) রেজিস্ট্রার ২০১১ সালে সিভিল সার্জনের কাছে চিঠি দিয়ে জানিয়েছেন, বিএমঅ্যান্ডডিসির নিবন্ধন ছাড়া কোনো ব্যক্তির অ্যালোপ্যাথি চিকিৎসা ও ভুয়া পদবি ইত্যাদি ব্যবহার নিষিদ্ধ। অননুমোদিতভাবে কেউ চিকিৎসা কার্যক্রম পরিচালনা করলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয় চিঠিতে।
বিএমঅ্যান্ডডিসি আইনের ২২(১) ধারায় বলা হয়েছে, ‘অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন, এই আইনের অধীনে নিবন্ধন ব্যতীত কোনো মেডিকেল চিকিৎসক বা ডেন্টাল চিকিৎসক অ্যালোপ্যাথি চিকিৎসা করিতে অথবা নিজেকে মেডিকেল চিকিৎসক বা ডেন্টাল চিকিৎসক বলিয়া পরিচয় প্রদান করিতে পারিবেন না।’ ২২(২) ধারায় বলা আছে, কোনো ব্যক্তি উপধারা (১)-এর বিধান লঙ্ঘন করলে তিন বছর কারাদণ্ড অথবা এক লাখ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।
বিএমঅ্যান্ডডিসির আইনের ২৯(১) ধারায় বলা হয়েছে, ন্যূনতম এমবিবিএস অথবা বিডিএস ডিগ্রি ছাড়া কেউ নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন না। করলে তিন বছরের কারাদণ্ড বা এক লাখ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডনীয় হবেন। এই অপরাধ অব্যাহত রাখলে প্রতিবার পুনরাবৃত্তির জন্য সর্বনিম্ন ৫০ হাজার টাকা জরিমানা করা হবে।
অনুসন্ধানে জানা গেছে, ২০১৪ সালের ৮ জানুয়ারি সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের গনইমমিনাকান্দা গ্রামের আরশাদ আলীর মেয়ে নাজমা বেগম ‘দন্ত চিকিৎসক’ রতন চন্দ্র দাশের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। এতে বলা হয়, রতন চন্দ্র দাশ নাজমার দাঁত উঠিয়ে ও বাঁধাই করে দেওয়ার কথা বলে সাড়ে সাত হাজার টাকা নিয়েছেন। কিন্তু সঠিকভাবে দাঁত বাঁধাই করা হয়নি। ওই দাঁতটিসহ মাড়ি নিচের দিকে নেমে যায়। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে শেরপুরের তৎকালীন সিভিল সার্জন নারায়ণ চন্দ্র দে তাঁর কার্যালয়ে রতন দাশকে ডেকে পাঠান। সিভিল সার্জন ভুল চিকিৎসার জন্য ক্ষতিপূরণ দেওয়াসহ নাজমা বেগমের সঠিক চিকিৎসার ব্যবস্থা করার জন্য রতন দাশকে নির্দেশ দেন। নির্দেশ অনুযায়ী, রতন দাশ সাড়ে ১৬ হাজার টাকা ক্ষতিপূরণ দেন নাজমাকে।
রতন দাশ প্রথম আলোকে বলেন, ‘নাজমার চিকিৎসা অসম্পূর্ণ ছিল বিধায় তাঁকে (নাজমা)ÿক্ষতিপূরণ দিয়েছি।’ পরে নাজমার সঙ্গে আপস করা হয় বলে দাবি করেন রতন।
শহরের রাজবল্লভপুর এলাকার হাছান আলীর মেয়ে রাশেদা বেগম (৩৫) অভিযোগ করেন, এক থেকে দেড় বছর আগে আজহারুল ইসলামের কাছে দাঁতের চিকিৎসা করান তিনি। তাঁকে তিন হাজার টাকা দেওয়া হয়। কিন্তু ভুল চিকিৎসার কারণে ইনফেকশন হয়ে তাঁর কয়েকটি দাঁত নষ্ট হয়ে যায়। পরে একজন ডেন্টাল সার্জনের চিকিৎসায় সুস্থ হন তিনি। এখনো তাঁকে নিয়মিত দাঁতের চিকিৎসা নিতে হচ্ছে।
জানতে চাইলে শেরপুর জেলা হাসপাতালের ডেন্টাল টেকনোলজিস্ট ও ফাইভ স্টার ডেন্টাল কেয়ারের স্বত্বাধিকারী আজহারুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, রাশেদা বেগম নামে কোনো রোগীকে চিকিৎসা দেওয়ার কথা তাঁর মনে নেই।
শেরপুর জেলা সদরের চরমোচারিয়া ইউনিয়নের মুন্সীরচর গ্রামের খাদেম আলীর ছেলে হুমায়ুন কবীর অভিযোগ করেন, পাঁচ থেকে ছয় মাস আগে তাঁর দাঁতে ইনফেকশন হয়েছিল। রকিবুল হাসানের কাছে তিনি চিকিৎসা করান। ৩০০ টাকা ভিজিটও দেন। রকিবুল দাঁতে ফিলিং করিয়ে দিয়েছিলেন। কিন্তু কিছুদিন পর তাঁর দাঁত থেকে পুঁজ পড়া শুরু হয়। পরে একজন ডেন্টাল সার্জনের কাছে চিকিৎসা নিয়ে তিনি সুস্থ হন।
হুমায়ুনের অভিযোগের বিষয়ে জানতে চাইলে শেরপুর ডিপ্লোমা ডেন্টাল টেকনোলজিস্ট সমিতির সাধারণ সম্পাদক ও শেরপুর ডেন্টাল কেয়ারের স্বত্বাধিকারী রকিবুল হাসান প্রথম আলোকে বলেন, হুমায়ুন নামে কোনো রোগীকে তিনি চিকিৎসা দিয়েছিলেন কি না, তা তাঁর মনে নেই।
তবে বিএমঅ্যান্ডডিসির অনুমোদন না থাকার কথা স্বীকার করে রকিবুল হাসান বলেন, বাংলাদেশে তাঁর মতো প্রায় ১৫ হাজার ডিপ্লোমা ডেন্টাল টেকনোলজিস্ট আছেন। তাঁরা বাংলাদেশ স্টেট মেডিকেল ফ্যাকাল্টি (বি.এস.এম.এফ) থেকে তিন বছর মেয়াদি ডিপ্লোমা করেছেন। তাঁদের কোনো সরকারি চাকরির সুযোগ নেই। তাই জীবিকার তাগিদে তাঁরা ‘প্রাইভেট প্র্যাকটিস’ করছেন।
জানতে চাইলে শেরপুরের সিভিল সার্জন মো. আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, বিএমঅ্যান্ডডিসি থেকে ডিপ্লোমাধারী ডেন্টাল টেকনোলজিস্টদের ‘প্রাইভেট প্র্যাকটিস’ করার কোনো অনুমতি নেই। তিনি বলেন, কিছুদিন আগে শেরপুরের সব দন্ত চিকিৎসকের চেম্বার পরিদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু একটি প্রভাবশালী মহলের চাপে তা সম্ভব হয়নি। তবে প্রশাসনের সহযোগিতায় শিগগিরই এঁদের ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ও দন্ত বিভাগের প্রধান মো. মনোয়ারুল ইসলাম প্রথম আলোকে বলেন, চার বছরের বিডিএস (ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি) ও এক বছরের ইন্টার্নি সম্পন্নের পর বিএমঅ্যান্ডডিসি থেকে রেজিস্ট্রেশন নিয়ে দাঁতের চিকিৎসা করতে হয়। ডিপ্লোমাধারী টেকনিশিয়ানরা বিডিএস ডিগ্রিধারী চিকিৎসকদের তাঁদের কাজে সাহায্য করতে পারেন। তবে কোনোভাবেই ব্যবস্থাপত্র দেওয়া কিংবা নিজে স্বাধীনভাবে দাঁতের চিকিৎসা করতে পারেন না।