চিকিৎসক লাঞ্ছিত করলেন শিক্ষানবিশ চিকিৎসককে!
নোয়াখালী জেনারেল হাসপাতালে শিক্ষানবিশ চিকিৎসককে (ইন্টার্নি) লাঞ্ছিত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল বুধবার হাসপাতালের তত্ত্বাধায়কের কক্ষে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় শিক্ষানবিশ চিকিৎসক মেহেদি হাসান সুধারাম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তাঁকে শারীরিকভাবে হেনস্তা করার জন্য তিনি হাসপাতালের চিকিৎসক সৈয়দ আজিম আহমেদকে দায়ী করেছেন।
তবে হাসপাতালের তত্ত্বাবধায়ক এ বি এম আহছান উল্লা খান এবং চিকিৎসক সৈয়দ আজিম আহমেদ এ ধরনের কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন।
সাধারণ ডায়েরিতে মেহেদি হাসান অভিযোগ করেন, গতকাল বেলা ১১টার দিকে তিনি তাঁর সহপাঠী সাইদুর রহমানসহ নোয়াখালী জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়কের কক্ষে যান। ওই কক্ষে আগে থেকে অবস্থান করা চিকিৎসক সৈয়দ আজিম আহমেদ কোনো কারণ ছাড়াই তাঁকে গালমন্দ করতে থাকেন এবং একপর্যায়ে তাঁকে শারীরিকভাবে আঘাত করেন।
এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক এ বি এম আহছান উল্লা খান প্রথম আলোকে জানান, তাঁর কক্ষে কোনো ইন্টার্নির সঙ্গে চিকিৎসকের অপ্রীতিকর কিছু হয়নি। তা ছাড়া ইন্টার্নিরা যোগদানপত্র দেন অফিস সহকারীর কাছে। তাঁর কক্ষে তাঁদের কোনো কাজ নেই।
অভিযোগের বিষয়ে চিকিৎসক সৈয়দ আজিম আহমেদ দাবি করেন, যাঁরা ইন্টার্নিতে যোগ দিতে এসেছিলেন, তাঁদের অফিসে যোগদান করতে বলা হয়েছে, অন্য কিছু নয়।
তাহলে তাঁর বিরুদ্ধে কেন জিডি করা হলো এ প্রশ্নের জবাবে সৈয়দ আজিম আহমেদ বলেন, ‘জিডি তিনি (ইন্টার্নি) করতেই পারেন। জিডি করে থাকলে তদন্ত হবে। এতে কোনো সমস্যা নেই।’