চিকিৎসক লাঞ্ছিত, প্রতিবাদে কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল মঙ্গলবার এক ইন্টার্ন চিকিৎসককে লাঞ্ছিত করেছে দুর্বৃত্তরা। প্রতিবাদে ইন্টার্ন চিকিৎসকেরা কর্মবিরতি পালন করেন। লাঞ্ছিত হওয়া ইন্টার্ন চিকিৎসকের নাম মাজহারুল ইসলাম।
হাসপাতাল সূত্রে জানা যায়, আনুমানিক ২০ দিন আগে হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন এক নারী রোগীর কয়েকজন স্বজন অনুমতি ছাড়া ওই ওয়ার্ডের চিকিৎসকদের কক্ষে ঢুকে চিকিৎসকদের জন্য রাখা টিস্যু ব্যবহার করেন। ওয়ার্ডের সহকারী রেজিস্ট্রার লুৎফা বিনতে কবীর প্রতিবাদ করলে তাঁরা বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরবর্তী সময়ে ওই নারী রোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে চলে যান। গতকাল বেলা সাড়ে তিনটার দিকে চারজন তরুণ ১৩ নম্বর ওয়ার্ডের চিকিৎসকদের কক্ষে ঢুকে অনুমতি না নিয়ে টিস্যু নিয়ে মুখ মুছতে শুরু করেন। পরে চিকিৎসকদের কক্ষ থেকে বের হয়ে ওয়ার্ডে যত্রতত্র পায়চারি করে চিকিৎসায় বিঘ্ন সৃষ্টি করেন। লুৎফা বিনতে কবীর তাঁদের পরিচয় জানতে চাইলে তাঁরা ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন। লুৎফার ডাকে মাজহারুল ও আরেক ইন্টার্ন চিকিৎসক ঘটনাস্থলে এসে প্রতিবাদ করেন। এতে ওই চার তরুণসহ আনুমানিক ১০ জন মাজহারুলকে মারধর করে চলে যান।
লুৎফা বিনতে কবীর বলেন, ‘ওই তরুণদের ঔদ্ধত্যপূর্ণ আচরণের প্রতিবাদ করায় তাঁরা আমাকে উদ্দেশ করে বলেন, “আজ ডাক্তার পেটাতে এসেছি।”’ মাজহারুল তাঁদের পরিচয় জানতে চাওয়া মাত্রই চার-পাঁচজন একসঙ্গে তাঁকে মারধর করেন।
মাজহারুলকে মারধর করার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে হাসপাতালের জরুরি বিভাগে তালা দিয়ে কর্মবিরতি শুরু করেন ইন্টার্ন চিকিৎসকেরা। আধা ঘণ্টা পরপর জরুরি বিভাগের তালা খুলে দিলেও রাত আটটা পর্যন্ত কর্মবিরতি অব্যাহত ছিল।
এ বিষয়ে কথা বলার জন্য হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিনের কক্ষে তাঁকে পাওয়া যায়নি।