ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগে গতকাল বুধবার এক চিকিৎসককে লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে। এ ব্যাপারে ওই চিকিৎসক বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সদর উপজেলার হাসাড়াকান্দি এলাকার মো. রিজু মোল্লা তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী পলি বেগমকে (২৫) গত মঙ্গলবার ওই হাসপাতালে ভর্তি করেন। রাত আটটার দিকে অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর স্ত্রী একটি ছেলে সন্তানের জন্ম দেন।
রিজু মোল্লা অভিযোগ করেন, নবজাতককে কিছুটা অসুস্থ অবস্থায় শিশু ওয়ার্ডে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসক ফিরোজ তাঁর দায়িত্বে অবহেলা করেন। ফিরোজ নিজে চিকিৎসা না দিয়ে শিক্ষানবিশ চিকিৎসকদের দিয়ে তাঁর সন্তানের চিকিৎসা করান। এতে গতকাল সকালে যথাযথ চিকিৎসার অভাবে তাঁর সন্তানের মৃত্যু হয়।
ওই হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক (সুপার) গণপতি বিশ্বাস বলেন, সংকটাপন্ন অবস্থায় ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে বন্ড নিয়ে ওই নারীর অস্ত্রোপচার করা হয়। নবজাতক অসুস্থ থাকায় তাঁকে শিশু ওয়ার্ডে স্থানান্তর করা হয়। গতকাল সকালে ওই নবজাতকের মৃত্যু হয়। এরপর রোগীর স্বজনেরা চিকিৎসক ফিরোজকে লাঞ্ছিত করেন।
অভিযোগ অস্বীকার করে রিজু মোল্লা বলেন, ফিরোজের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়েছে। কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) গোলাম নবী জানান, ফিরোজ তাঁকে লাঞ্ছিত করার অভিযোগে মামলা করেছেন।