চিকিৎসক সেজে অস্ত্রোপচারের অভিযোগ, প্রসূতি সংকটাপন্ন
তিনি হাসপাতালের মালিক, চিকিৎসক নন। তবু চিকিৎসক সেজে তাঁর হাসপাতালে এক প্রসূতির অস্ত্রোপচার করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁর ভুল অস্ত্রোপচারে ওই প্রসূতির অবস্থা আশঙ্কাজনক।
ঘটনাটি ঘটেছে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার একটি বেসরকারি হাসপাতালে গত ১৪ জুন। এ ঘটনায় গত বুধবার রাতে থানায় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লিখিত অভিযোগ করেন ওই প্রসূতির স্বামী।
অভিযুক্ত ওই নারীর নাম সুমনা আক্তার। তিনি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ‘ছেংগারচর জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার’ নামে একটি বেসরকারি হাসপাতালের মালিক। তিনি স্নাতক পাস।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৪ জুন সকালে উপজেলার সাড়ে পাঁচানি গ্রামের বাসিন্দা মো. ইব্রাহিমের স্ত্রী মুন্নি আক্তার (২৫) ওই হাসপাতালে ভর্তি হন। ওই দিন দুপুরে হাসপাতালটির মালিক সুমনা আক্তার নিজেকে চিকিৎসক হিসেবে পরিচয় দিয়ে ওই নারীর অস্ত্রোপচার করেন। এতে অস্ত্রোপচারের স্থানে সংক্রমণ দেখা দেয়। গুরুতর অসুস্থ হয়ে পড়লে ১৮ জুন তাঁকে হাসপাতাল থেকে দ্রুত ছেড়ে দেওয়া হয়। ২৪ জুন পুনরায় তাঁকে পরিবারের লোকেরা ওই হাসপাতালে নিয়ে গেলে একজন সেবিকা ক্ষতস্থানে ড্রেসিং করে তাঁকে (মুন্নি) বাড়িতে পাঠিয়ে দেন।
মো. ইব্রাহিম অভিযোগ করেন, তাঁর স্ত্রীকে অস্ত্রোপচার বাবদ হাসপাতাল কর্তৃপক্ষকে ২৫ হাজার টাকা দেন। অস্ত্রোপচারের পর থেকে তাঁর স্ত্রীর অবস্থার অবনতি হতে থাকে। আশঙ্কাজনক অবস্থায় গত মঙ্গলবার তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তিনি বলেন, বিষয়টি হাসপাতালের মালিককে জানালে তিনি নানাভাবে তাঁকে (ইব্রাহিম) হুমকি দেন। গত বুধবার রাতে তিনি সুমনা আক্তারসহ তিনজনের বিরুদ্ধে থানায় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লিখিত অভিযোগ করেন।
মুন্নি আক্তার অভিযোগ করেন, অস্ত্রোপচারের আগে তাঁকে অজ্ঞান করা হয়নি। সুমনা আক্তার নামের ওই নারীই দু-তিনজন সহযোগীকে নিয়ে অস্ত্রোপচার করেন।
তবে এ অভিযোগ অস্বীকার করে হাসপাতালটির মালিক সুমনা আক্তার বলেন, চিকিৎসক দিয়েই তিনি ওই নারীর অস্ত্রোপচার করিয়েছেন। ওই চিকিৎসকের নাম জানতে চাইলে প্রসঙ্গ এড়িয়ে মুঠোফোনের সংযোগ কেটে দেন তিনি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাবিব ইসমাইল ভূঁইয়া বলেন, এ-সংক্রান্ত লিখিত অভিযোগ পেয়েছেন। ঘটনাটি চাঁদপুরের সিভিল সার্জনকে জানানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে ওই নারী ও তাঁর হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ওই নারীর অস্ত্রোপচারের জায়গায় যে সংক্রমণ রয়েছে, তা বিপজ্জনক। রোগীর অবস্থাও আশঙ্কাজনক।
চাঁদপুরের সিভিল সার্জন মতিউর রহমান বলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে তিনি আজ (গতকাল বৃহস্পতিবার) তদন্তের নির্দেশ দিয়েছেন।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হক বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছেন। তদন্ত করে আইনি ব্যবস্থা নেবেন।