চিকিৎসক-সেবিকাদের অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ
খুলনার দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গতকাল রোববার চিকিৎসক ও সেবিকাদের অবহেলায় রোজিনা বেগম (২৭) নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী স্বাস্থ্য কমপ্লেক্স ঘেরাও করে চিকিৎসকদের কক্ষে তালা ঝুলিয়ে দেন। এতে চিকিৎসকেরা প্রায় পাঁচ ঘণ্টা অবরুদ্ধ থাকেন।
রোজিনা উপজেলার গড়খালী গ্রামের মোজাফফার হোসেনের স্ত্রী ছিলেন।
রোজিনার পরিবারের সদস্যদের অভিযোগ, রোজিনার প্রসব বেদনা শুরু হলে গত শুক্রবার তাঁকে ওই স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ওই দিন সন্ধ্যায় অস্ত্রোপচারের মাধ্যমে তিনি একটি পুত্রসন্তান জন্ম দেন। কিন্তু গতকাল ভোরে রোজিনা হঠাৎ করে যন্ত্রণায় ছটফট করতে থাকেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক সুরজিত হাওলাদারকে ডাকা হলেও তিনি আসেননি। এরপর কর্তব্যরত সেবিকা অর্চনা টিকাদার ও সুনীতি হালদারের সাহায্য চাইতে গেলে তাঁরা দুর্ব্যবহার করেন। এরপর সকাল আটটার দিকে রোজিনার মৃত্যু হয়। তবে পুত্রসন্তানটি সুস্থ আছে।
এদিকে অবহেলায় রোজিনার মৃত্যু হয়েছে—এমন খবর ছড়িয়ে পড়লে সকাল নয়টার দিকে বিক্ষুব্ধ এলাকাবসী স্বাস্থ্য কমপ্লেক্স ঘেরাও করেন। একপর্যায়ে তাঁরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ তিনজন চিকিৎসকের কক্ষে তালা ঝুলিয়ে দেন। প্রায় পাঁচ ঘণ্টা পর বেলা দুইটার দিকে তালা খুলে দেওয়া হয়।
মোজাফফার হোসেন বলেন, ‘সময়মতো চিকিৎসক ও সেবিকা এলে আমার স্ত্রী মারা যেত না।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রকিব উদ্দীন প্রথম আলোকে বলেন, ‘প্রসবের পর শিশু ও মা উভয়েই স্বাভাবিক ছিলেন। গতকাল সকালে হঠাৎ রোজিনা বুকে ব্যথা অনুভব করেন। আমরা দ্রুত ব্যবস্থা নিই। কিন্তু তিনি আমাদের সময় দেননি। হৃদ্রোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন।’ তিনি আরও জানান, চিকিৎসক ও সেবিকাদের অবহেলায় ওই প্রসূতির মৃত্যু হয়ে থাকলে তদন্তের মাধ্যমে অবশ্যই তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।