চিকিৎসক হাজিরা খাতা জব্দ করলেন সাংসদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নারী চিকিৎসক এক বছরের বেশি সময় ধরে কর্মস্থলে অনুপস্থিত। কিন্তু একটি চক্রের সহযোগিতায় তিনি বেতন তুলে নিয়েছেন। এ ঘটনায় গত বুধবার রাতে স্থানীয় সাংসদ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হাজিরা খাতা জব্দ করেছেন।
বরগুনা-২ (পাথরঘাটা, বামনা ও বেতাগী) আসনের সাংসদ শওকত হাচানুর রহমান গতকাল বৃহস্পতিবার দুপুরে বরগুনা সিভিল সার্জনকে স্বাস্থ্য কমপ্লেক্সে ডেকে পাঠান। পরে বৈঠক করেন। এতে অন্যদের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জিয়াউল হক, পৌরসভার মেয়র মো. আনোয়ার হোসেন প্রমুখ অংশ নেন।
জানতে চাইলে সাংসদ শওকত হাচানুর রহমান প্রথম আলোকে বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি বিশেষজ্ঞ শাহনাজ পারভীন ২০১৫ সালের ৭ ডিসেম্বর যোগ দেন। এরপর থেকে এক বছরের বেশি সময় ধরে তিনি কর্মস্থলে অনুপস্থিত। তবে স্বাস্থ্য কমপ্লেক্সের একটি চক্রের যোগসাজশে শাহনাজ পারভীন পুরো এক বছরের ৫ লাখ ৮৪ হাজার টাকা বেতন তুলে নিয়েছেন। এ ঘটনায় স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হাজিরা খাতা ও কর্মকর্তাদের বেতন-বিল রেজিস্টার খাতা জব্দ করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রমেশ চন্দ্র, প্রধান অফিস সহকারী নূরুল ইসলাম (সাময়িক বরখাস্ত), প্রধান অফিস সহকারী নির্মল চন্দ্র হাওলাদার ও ক্যাশিয়ার আবুল বাশার চিকিৎসক শাহনাজের বেতন তুলে নেন। পরে তাঁরা ওই টাকার অংশবিশেষ নিজেরা বাঁটোয়ারা করে নেন। বাকি টাকা বিকাশের মাধ্যমে শাহনাজ পারভীনকে পাঠান।
এ বিষয়ে কথা বলতে চেষ্টা করেও চিকিৎসক শাহনাজ পারভীনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
প্রধান অফিস সহকারী নির্মল চন্দ্র হাওলাদার বলেন, চিকিৎসক শাহনাজ পারভীন কর্মস্থলে অনুপস্থিত ছিলেন, এ কথা সত্য। রমেশ চন্দ্র স্যারের অনুরোধে বিল করা হয়েছে।
তবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রমেশ চন্দ্র বলেন, ‘আমি অফিসে ছিলাম না। এক ফাঁকে হাজিরা খাতায় শাহনাজ পারভীনের নামের পাশে কে বা কারা সই করেছেন, তা আমার জানা নেই। তাঁর বেতন বিল করতে আমি কাউকে বলিনি।’ সিভিল সার্জন মো. জসিম উদ্দিন বলেন, গাইনি বিশেষজ্ঞ শাহনাজ পারভীনের বিল নেওয়ার ঘটনা তদন্তে বরিশাল বিভাগীয় কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের আলোকে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।