চিকিৎসক ১০ মাসে সাত দিন উপস্থিত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসা কর্মকর্তা দিনের পর দিন কর্মস্থলে অনুপস্থিত থাকেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত সাড়ে ১০ মাসে তিনি মাত্র সাত দিন কর্মস্থলে ছিলেন বলে জানা যায়। এতে ওই ইউনিয়নের মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, চিকিৎসা কর্মকর্তা সা-আদজামান গত বছরের ২৪ আগস্ট ওই ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে যোগ দেন। কিন্তু তিনি দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। এ অবস্থায় উপস্বাস্থ্য কেন্দ্রের উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তাই কেন্দ্রটিতে রোগীদের চিকিৎসাসেবা দিচ্ছেন।
সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মো. ঈমান আলী বলেন, সাড়ে ১০ মাসের মধ্যে চিকিৎসক সা-আদজামান বড়জোর এক সপ্তাহ এখানে এসে রোগী দেখেছেন। ওই ইউনিয়নের হাওর এলাকার ২৩টি গ্রামের প্রায় ২৩ হাজার মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে। ইউপি চেয়ারম্যান মো. ফজলুর রহমান বলেন, ওই চিকিৎসক কর্মস্থলে আসেন না। এটি খুবই দুঃখজনক। খুব শিগগিরই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হবে।
এই প্রতিবেদক গত রোববার ওই উপস্বাস্থ্য কেন্দ্রে গিয়ে চিকিৎসা কর্মকর্তাকে কর্মস্থলে পাননি। গত সোম, মঙ্গল ও বুধবারও ওই কর্মকর্তা অনুপস্থিত ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা সন্তোষ চন্দ্র ভৌমিক বলেন, ‘স্যার (চিকিৎসা কর্মকর্তা) নিয়মিত কর্মস্থলে উপস্থিত না থাকায় আমাকে একাই রোগীদের চিকিৎসা দিতে হচ্ছে। ফলে সুষ্ঠুভাবে রোগীদের চিকিৎসাসেবা দেওয়া সম্ভব হচ্ছে না।’
সা-আদজামান প্রথমে দাবি করে বলেন, ‘আমি নিয়মিত সেখানে রোগী দেখি। শুধু জানুয়ারি ও ফেব্রুয়ারির দুই মাস বুনিয়াদি প্রশিক্ষণে থাকায় সেখানে যেতে পারিনি।’ পরে প্রশ্নের একপর্যায়ে তিনি বলেন, ‘এলাকাটি খুবই দুর্গম। উপজেলা সদর থেকে সেখানে যেতে যানবাহনও ঠিকমতো পাওয়া যায় না। এ ছাড়া সেখানে এক দিন আসা-যাওয়া করতেই ছয় থেকে আট শ টাকা খরচ হয়। এ অবস্থায় নিয়মিত কীভাবে সেখানে যাই বলুন? তবে আমি সেখানকার রোগীদের চিকিৎসা দেওয়ার সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাজুল ইসলাম খান বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক স্বল্পতা থাকায় ওই চিকিৎসক হাসপাতালে মাঝেমধ্যে রোগী দেখে থাকেন। তবে সপ্তাহে অন্তত তিন দিন ওই উপস্বাস্থ্য কেন্দ্রে গিয়ে যাতে তিনি রোগীদের চিকিৎসাসেবা দিতে পারেন, সে জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে সিভিল সার্জন মো. আবদুল হাকিম প্রথম আলোকে বলেন, বিষয়টি কেউ তাঁকে জানাননি। খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।