চিকিৎসককে অপহরণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে এক চিকিৎসককে ‘প্রশাসনের লোক’ পরিচয় দিয়ে মাইক্রোবাসে করে তুলে নিয়ে গেছেন অজ্ঞাতনামা ছয় ব্যক্তি। গত ২৯ সেপ্টেম্বর অপহরণের এ ঘটনা ঘটে।
অপহৃত চিকিৎসকের নাম রিয়াদ নাসের চৌধুরী (৩৪)। তিনি মিরপুরে ইসলামী ব্যাংক হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার। এ ঘটনায় তাঁর ভাই মেধাদ নাসের চৌধুরী পল্লবী থানায় অপহরণ মামলা করেন।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির প্রথম আলোকে বলেন, অজ্ঞাতনামা কয়েকজন তাঁকে তুলে নিয়েছে বলে অভিযোগ করেছেন। এর সত্যতা আছে।
এজাহারে মেধাদ নাসের চৌধুরী অভিযোগ করেন, মিরপুর ৭ নম্বর সেকশনের পূরবী সিনেমা হলের উত্তর পাশে একটি টং দোকানে বেলা সোয়া তিনটার সময় তাঁর ভাই চা-পান করতে যান। সে সময় তাঁর সঙ্গে সহকর্মী মো. সালেক ছিলেন। চা-পান শেষে তাঁরা হাসপাতালে ঢোকার সময় একটি মাইক্রোবাস থেকে তিনজন অপরিচিত ব্যক্তি নেমে এসে তাঁর ভাইয়ের নাম রিয়াদ কি না জানতে চান। এরপর তাঁরা রিয়াদ নাসের চৌধুরীকে মাইক্রোবাসে (ঢাকা মেট্রো-চ-৫৩-১৩৮২) উঠতে বলেন। তিনি রাজি না হওয়ায় ওই লোকেরা নিজেদের ‘প্রশাসনের লোক’ পরিচয় দেন এবং জোর করে তাঁকে গাড়িতে তুলে নিয়ে যান।
এজাহারে রিয়াদের ভাই অভিযোগ করেন, তাঁর ধারণা, এক নারী চিকিৎসকের সাবেক স্বামীর পাঠানো অজ্ঞাতনামা লোকজন ওই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন। এর আগে গত ১৬ আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে পল্লবীর সেতারা কনভেনশন হলের সামনে থেকে রিয়াদকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল।
পল্লবী থানার ওসি প্রথম আলোকে বলেন, অপহরণের কাজে ব্যবহৃত মাইক্রোবাসটি থেকে যে রেজিস্ট্রেশন নম্বর পাওয়া গেছে সেই নম্বরটির গাড়ি ঘিওর থানা-পুলিশ জব্দ করেছিল এবং তারা বলছে, গাড়িটি তাদের কাছেই রয়েছে। ওই গাড়িটি ব্যবহার করে ডাকাতি করা হয়েছিল আগে। অপহরণের কাজে ব্যবহৃত গাড়িটিতে ওই গাড়ির নম্বর ব্যবহার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ বলেন, ফুটেজ থেকে গাড়ির নম্বর সংগ্রহ করে সেটি বিআরটিএতে দিলে বিআরটিএ থেকে জানানো হয়, গাড়িটি একটি বেসরকারি ব্যাংকের মালিকানায় রয়েছে। ওই ব্যাংক থেকে পাওয়া কাগজপত্র ঘেঁটে দেখা যায়, গাড়িটি এক বছর থেকে মানিকগঞ্জের ঘিওর থানা-পুলিশ একটি ডাকাতি মামলায় আটক করে।
রিয়াদের আরেক ভাই ফাহাদ নাসের চৌধুরী প্রথম আলোকে বলেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এমবিএ করার সময় এক নারী চিকিৎসকের সঙ্গে তাঁর ভাইয়ের বন্ধুত্ব হয়। কিন্তু ওই নারীর স্বামী এ নিয়ে সন্দেহ করতেন এবং এ কারণেই স্ত্রী তাঁকে তালাক দেন। ওই ব্যক্তি বর্তমানে কোস্টগার্ডে কর্মরত।
জানতে চাইলে কোস্টগার্ডের গোয়েন্দা শাখার প্রধান আবুল হাসনাত শামীম গতকাল প্রথম আলোকে বলেন, গণামাধ্যমের মাধ্যমে তাঁরা একজন কর্মকর্তার নাম শুনেছেন। এরপর বিষয়টি মনিটরিং করছেন। কেউ দোষী প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।