চিকিৎসককে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার দাকোপ উপজেলার কৈলাশগঞ্জ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের এক চিকিৎসককে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার দুপুরে স্বাস্থ্যকেন্দ্রের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।

ওই চিকিৎসকের নাম মাহমুদ হাসান। তিনি স্বাস্থ্যকেন্দ্রের দায়িত্বে থাকা উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা (এসএসিএমও)। তাঁকে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

উপজেলা পরিবারকল্যাণ কর্মকর্তা শুকলাল বৈদ্য বলেন, ‘মাহমুদ হাসানের জখম গুরুতর। আমরা বিষয়টি প্রাথমিকভাবে পুলিশ ও উপজেলা প্রশাসনকে জানিয়েছি।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সন্তোষ কুমার মজুমদার বলেন, প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে অস্ত্রোপচারের পর মাহমুদ হাসান এখন কিছুটা আশঙ্কামুক্ত। তাঁর ডান হাতের সামনের অংশ, গলা ও বুকের বাঁ পাশে মারাত্মক জখম হয়েছে।