চিকিৎসককে চড়থাপ্পড় মারলেন আ.লীগ নেতা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের স্থানীয় এক নেতার বিরুদ্ধে খুলনার তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তাকে চড়থাপ্পড় মারার অভিযোগ পাওয়া গেছে। গত রোববার রাতের এ ঘটনায় তেরখাদা থানায় মামলা হয়েছে। এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ওই চিকিৎসা কর্মকর্তার নাম আবদুল্লাহ আল মামুন। তাঁকে রোববার রাতে প্রথমে খুলনা সদর (জেনারেল) হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সোমবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর ওই নেতার নাম এস এম অহিদুজ্জামান। তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান। বাড়ি স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রায় তিন কিলোমিটার দূরে তেরখাদা উত্তরপাড়া গ্রামে।
গতকাল বিকেল পাঁচটার দিকে মুঠোফোনে জানতে চাইলে চিকিৎসা কর্মকর্তা আবদুল্লাহ প্রথম আলোকে বলেন, ‘রোববার রাত আটটার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত ছিলেন। এ সময় কয়েকজন লোক এসে জানায়, ইউপি চেয়ারম্যান অহিদুজ্জামানের স্ত্রী অসুস্থ। তাঁকে চিকিৎসাসেবা দিতে চেয়ারম্যানের বাড়ি যেতে হবে। কিন্তু তখন স্বাস্থ্য কমপ্লেক্সে অন্য কোনো চিকিৎসক ছিলেন না। তাই একজন জ্যেষ্ঠ সেবিকাকে ওই বাড়িতে পাঠানো হয়। এতে ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যান ও তাঁর সঙ্গে থাকা লোকজন এসে আমাকে মারধর করেন।’
নিজে চড়থাপ্পড় মারার অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান অহিদুজ্জামান বলেন, ‘আমার লোকজন স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখে সেখানে কোনো চিকিৎসক নেই। অনেক খোঁজাখুঁজির পর পাশের একটি দোকানে একজনকে পাওয়া যায়। তিনি সেখানে টেলিভিশনে ক্রিকেট খেলা দেখছিলেন। তিনি নিজে না এসে নার্স পাঠিয়ে দেন। এতে ছেলেরা রাগান্বিত হয়ে তাঁকে চড়থাপ্পড় মেরেছে।’
মামলার তদন্তকারী কর্মকর্তা ও তেরখাদা থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বলেন, ওই চিকিৎসক বাদী হয়ে অহিদুজ্জামানসহ পাঁচজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছেন। রানা শেখ নামের এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এর আগে গত ২২ ফেব্রুয়ারি মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন বিএনপির চেয়ারম্যান প্রার্থী এস এম মহিবুল্লাহর মনোনয়নপত্র ছিঁড়ে ফেলার অভিযোগ আছে অহিদুজ্জামানের বিরুদ্ধে। এ ছাড়া এর পরদিন স্বতন্ত্র প্রার্থী এম পারভেজকে আটকে রেখে তাঁর প্রস্তাবক-সমর্থককে দিয়ে স্বাক্ষর জালের অভিযোগ করানো হয়। এতে পারভেজের মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। তাই এবারের ইউপি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন অহিদুজ্জামান।