চিকিৎসককে নির্যাতন: আরও দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে চিকিৎসককে বিবস্ত্র করে টাকা আদায়ের অভিযোগে করা মামলায় বৃহস্পতিবার রাতে আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে তাঁদের বগুড়ার কারাগারে পাঠানো হয়।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. এরফান বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার কেল্লাপোষী বাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন, সিরাজগঞ্জের কামারখন্দ থানার চৌবাড়ী গ্রামের মো. মিলন (২৮) ও বগুড়ার ধুনট উপজেলার গজারিয়া গ্রামের সুলতান আহমেদ (২৫)।
এই মামলার তদন্তকারী কর্মকর্তা শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) বুলবুল ইসলাম বলেন, এই মামলার এক নম্বর আসামি জাকির হোসেন (৩০) আত্মগোপনে থাকায় এখনো তাঁকে গ্রেপ্তার করা যায়নি। তাঁকেসহ অন্যান্য জড়িত আসামিদের গ্রেপ্তারে পুলিশি তৎপরতা চলছে। এর আগে এই মামলায় জাকির হোসেনের স্ত্রী মিনা বেগমকে (২৮) গ্রেপ্তার করে গতকাল বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
শেরপুর উপজেলার বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতি জাকির হোসেনসহ তাঁর সহযোগীরা গত সোমবার রাতে উপজেলার বাগড়া এলাকায় একটি চাতালের গুদামঘরে চিকিৎসককে আটকে মারধর ও বিবস্ত্র করে ছবি তোলে। পরে তা সামাজিক যোগাযোগের মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে দেওয়া ও প্রাণনাশের ভয় দেখিয়ে নগদ ৫০ হাজার টাকা ও সাড়ে চার লাখ টাকার একটি চেকের পাতা আদায় করে আসামিরা। ঘটনা নিয়ে ভুক্তভোগী ওই চিকিৎসক গত মঙ্গলবার থানায় মামলা করেন।