চিকিৎসককে পেটানোর অভিযোগ ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে
পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের আবাসিক সার্জন হারুন উর রশীদকে গতকাল সোমবার ছাত্রাবাসে পাঁচ ঘণ্টা আটকে রেখে ছাত্রলীগের নেতা-কর্মীরা মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। তবে ছাত্রলীগ এ অভিযোগ অস্বীকার করেছে।
আহত হারুন প্রাণভয়ে নিজের হাসপাতাল বাদ দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৩৫ নম্বর কেবিনে ভর্তি আছেন। চিকিৎসাধীন হারুন সাংবাদিকদের বলেন, গতকালই তিনি আবাসিক সার্জন পদে দায়িত্ব পালন শুরু করেন। বেলা ১১টার দিকে সলিমুল্লাহ মেডিকেলের ছাত্রলীগের সভাপতি আসাদ আদনান, সংগঠনের কেন্দ্রীয় সংসদের সহসম্পাদক শাওন দাসসহ ১৫-১৬ জনের একটি দল তাঁর কক্ষে ঢুকে পড়েন। তাঁকে জোর করে কলেজের ইন্টার্নি হোস্টেলের একটি কক্ষে বিকেল চারটা পর্যন্ত আটকে রেখে মারধর করা হয়।
সলিমুল্লাহ মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি আসাদ আদনান বলেন, ‘যত দূর জানতে পেরেছি, চিকিৎসকদের অভ্যন্তরীণ বিরোধের জেরে হারুনের ওপর হামলা হয়েছে।’