অভিযোগ বঙ্গবন্ধু প্রজন্ম লীগ নেতার বিরুদ্ধে
চিকিৎসককে বিবস্ত্র করে পিটুনি, ভিডিও ৫ লাখ টাকা আদায়
বগুড়ার শেরপুরে উপজেলা বঙ্গবন্ধু প্রজন্ম লীগ সভাপতিসহ তাঁর সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে স্থানীয় একজন চিকিৎসককে মারধর ও বিবস্ত্র করে মুঠোফোনে ভিডিও চিত্র ধারণ ও প্রাণনাশের ভয় দেখিয়ে নগদ টাকাসহ ব্যাংকের একটি চেকে জোর করে স্বাক্ষর নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার রাত নয়টার দিকে উপজেলার বাগড়া এলাকায় ধানের একটি চাতালের গুদামঘরে এ ঘটনা ঘটে।
শেরপুর পৌর শহরের হাসপাতাল সড়কের বাসিন্দা ভুক্তভোগী ওই চিকিৎসক শেরপুর পৌর শহরের হাসপাতাল সড়কের বাসিন্দা ঘটনার পর সোমবার রাতেই উপজেলার দুবলাগাড়ী এলাকার আবদুল গাফ্ফারের ছেলে ও বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতি জাকির হোসেনসহ (৩০) তিনজনের নামে শেরপুর থানায় লিখিত অভিযোগ করেন।
জাকির হোসেনের পরিচয় নিশ্চিত করে উপজেলা বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বলেন, সভাপতি জাকির ও তাঁর সঙ্গের কয়েকজনের বিরুদ্ধে এ ধরনের ঘটনা তিনিও শুনেছেন। ঘটনাটি তাৎক্ষণিকভাবে জেলা কমিটিকে অবগত করেছেন। তিনি আরও বলেন, এ ঘটনায় সংগঠনের সভাপতির বিরুদ্ধে জেলা কমিটির মাধ্যমে সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হয়েছে।
ভুক্তভোগী চিকিৎসক বলেন, প্রতি রাতেই বাড়ির পাশে বাগড়া সড়কে তিনি হাঁটাহাঁটি করেন। গত সোমবার রাতেও তিনি হাঁটাহাঁটির সময় বাড়ির পাশে চকপোতা এলাকার ইমন (১৮) তাঁর বাবা অসুস্থ বলে পাশে বাগড়া এলাকার একটি গুদামঘরে ডেকে নিয়ে যান। সেখানে ওত পেতে থাকা জাকির ও তাঁর সহযোগী মো. রুহুলসহ (২২) অপরিচিত আরও চার-পাঁচজন মিলে তাঁকে ঘরটিতে আটকে মারধর শুরু করেন।
একপর্যায়ে জাকিরের নির্দেশে তাঁর পরনের পোশাক খুলে বিবস্ত্র করে মুঠোফোনে ভিডিওচিত্র ধারণ করে দলটি। এরপর ধারণ করা এ ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাঁর কাছে ৫ লাখ টাকা দাবি করে জাকির ও তাঁর দলবল। টাকা না দিলে তাঁকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। তিনি এ ঘটনায় লজ্জায় ও প্রাণনাশের ভয়ে তাঁর ক্লিনিকের ব্যবস্থাপককে মুঠোফোনে ফোন করে বাড়ি থেকে ৫০ হাজার টাকা এনে জাকির ও তাঁর লোকজনকে দেন। তারপরও মুক্তি না দিয়ে নির্যাতন চালানো হয়। পরে আবার ব্যবস্থাপকের মাধ্যমে বাড়ি থেকে তাঁর নামে থাকা স্থানীয় একটি ব্যাংক হিসাবের চেকের পাতা এনে তাতে সাড়ে ৪ লাখ টাকা লিখে স্বাক্ষর করে দেওয়ার পরই তাঁকে ছেড়ে দেওয়া হয়।
ওই চিকিৎসকের ক্লিনিক ব্যবস্থাপক বলেন, এ ঘটনার আগে জাকিরের নেতৃত্বে তাঁদের ক্লিনিকে একাধিকবার চাঁদা দাবি করতে আসে একটি দল। চাহিদামতো টাকা না দেওয়ায় তারা হুমকিও দিয়েছিল।
এ বিষয়ে কথা বলতে গতকাল মঙ্গলবার জাকির হোসেনের বাড়িতে গেলে তাঁকে পাওয়া যায়নি। বাড়ির লোকজন জানান, সোমবার রাত থেকেই জাকির আর বাড়িতে আসেননি। জাকির হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে নাম উল্লিখিত দুজনের সঙ্গে যোগাযোগ করেও তাঁদের পাওয়া যায়নি। এমনকি তাঁদের মুঠোফোনও বন্ধ পাওয়া যায়।
এ প্রসঙ্গে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাঁরা পলাতক। চিকিৎসকের লিখিত অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।