চিকিৎসককে মারধর আ.লীগ সভাপতির?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিনের বিরুদ্ধে বগুড়া ডায়াবেটিক সমিতি ও স্বাস্থ্যসেবা হাসপাতালের এক চিকিৎসককে মারধরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী চিকিৎসক জাকিরুল ইসলাম এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) জেলা সভাপতির কাছে লিখিত অভিযোগ করেছেন।
মমতাজ উদ্দিন বগুড়া ডায়াবেটিক হাসপাতাল ও সমিতির সভাপতি। আর মারধরের শিকার চিকিৎসক জাকিরুল ইসলাম হলেন হাসপাতালটির চক্ষু বিশেষজ্ঞ। চিকিৎসক লাঞ্ছনার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার হাসপাতালে কালো ব্যাজ ধারণের কর্মসূচি ঘোষণা করা হয়। তবে মমতাজ উদ্দিনের লোকজন তা পণ্ড করে দেয় বলেও অভিযোগ পাওয়া গেছে।
আওয়ামী লীগ নেতা মমতাজ উদ্দিন বলেন, ‘ঈদের আগে-পরে মাত্র নয় দিনের ব্যবধানে প্রতিষ্ঠানের আট লাখ টাকার কোনো হিসাব নেই। প্রতিষ্ঠানের বিরুদ্ধে কয়েকজন চক্রান্ত করে ইচ্ছে করেই রোগীদের সেবাদান বন্ধ রেখে আয়ের উৎস বন্ধ করে দিচ্ছেন। বিষয়টি জানার পর তাঁদের ডেকে কৈফিয়ত চেয়েছি। এ সময় প্রতিষ্ঠানের স্বার্থেই একটু বকাবকি করেছি। এর বেশি কিছু নয়। এতেই ক্ষুব্ধ হয়ে তাঁরা অপপ্রচার চালাচ্ছেন।’
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন চিকিৎসক বলেন, গত মঙ্গলবার বেলা ১১টা থেকে ডায়াবেটিক সমিতির সভাপতি মমতাজ উদ্দিন তাঁর কক্ষে একে একে চিকিৎসকদের প্রধান সমন্বয়কারী পারভেজ আহমেদ, সহকারী পরিচালক মামুন হাসান ও চক্ষু বিশেষজ্ঞ জাকিরুল ইসলামকে ডেকে নেন। এ সময় তিনি প্রত্যেকের বিরুদ্ধে নানা অভিযোগ এনে গালাগাল করেন।
চিকিৎসক জাকিরুল ইসলাম বলেন, বেলা সাড়ে ১১টার দিকে তাঁর ডাক পড়ে সভাপতির কক্ষে। সেখানে গেলে গত কয়েক দিনে হাসপাতালের আয় কমে যাওয়ার ব্যাপারে ব্যাখ্যা চান। এ সময় সুযোগ-সুবিধা নিয়ে চিকিৎসক-কর্মচারীদের অসন্তোষের বিষয়ের কথা উল্লেখ করলে সভাপতি প্রচণ্ড রেগে গালাগাল শুরু করেন। একপর্যায়ে তাঁর গালে দুটো থাপ্পড় মারেন। এরপর কক্ষ থেকে বেরিয়ে যেতে বলেন। বের হওয়ার জন্য চেয়ার থেকে উঠে দাঁড়ালে মমতাজ উদ্দিন এসে লাথিও মারেন। বিষয়টি সহকর্মীদের জানালেও কেউ ভয়ে প্রতিবাদ করার সাহস পাননি। সন্ধ্যায় বিষয়টি বিএমএ নেতাদের মৌখিকভাবে জানানো হয়। বিএমএ নেতারা লিখিত অভিযোগ দিতে বলেন।’
কয়েকজন চিকিৎসক বলেন, ঘটনার প্রতিবাদে গতকাল সকালে হাসপাতালে কালো ব্যাজ ধারণের কর্মসূচি ঘোষণা করেন চিকিৎসক-কর্মচারীরা। খবর পেয়ে মমতাজ উদ্দিনের লোকজন গিয়ে নানা ভয় দেখিয়ে তা ভন্ডুল করে দেয়। দুপুরে চিকিৎসক-কর্মচারীদের পক্ষ থেকে বগুড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক বরাবর স্মারকলিপি দেওয়া হয়। এর অনুলিপি দেওয়া হয় বিএমএকেও। এতে উল্লেখ করা হয়, উদ্ভূত পরিস্থিতিতে চিকিৎসকেরা নিজেদের নিরাপদ মনে করছেন না।
হাসপাতালের চিকিৎসকদের প্রধান সমন্বয়কারী পারভেজ আহমেদ বলেন, বিষয়টি নিয়ে সভাপতির পক্ষ থেকে সমঝোতা বৈঠকে বসতে চাওয়া হয়েছে। সমঝোতা না হলে আন্দোলনের কথা ভাবা হবে।
জেলা বিএমএর সভাপতি রেজাউল আলম বলেন, বিষয়টি বিএমএকে মৌখিকভাবে জানানো হয়েছে। তা লিখিতভাবে জানানোর জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে বলা হয়েছে। লিখিত অভিযোগ পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বগুড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক বাপ্পি ভান্ডারী বলেন, তিনি ঢাকায় আছেন। তাঁর অফিসে একটি স্মারকলিপির কপি পৌঁছে দেওয়া হয়েছে। কিন্তু তাতে কারও স্বাক্ষর নেই। স্বাক্ষরহীন এ রকম অভিযোগনামার কোনো ভিত্তি নেই।