সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর স্বজনেরা কর্তব্যরত এক চিকিৎসককে মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিবাদে কর্তব্যরত চিকিৎসকেরা তিন ঘণ্টা চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখেন। পরে জনপ্রতিনিধি ও প্রশাসনের হস্তক্ষেপে আবার স্বাভাবিক হয় স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম। গতকাল রোববার সকালে এ ঘটনা ঘটে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা কামরুল হাসান জানান, সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার কোনাবাড়ি গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে মোহাম্মদ হাসান মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। কর্তব্যরত চিকিৎসক সাখাওয়াত হোসেন তাঁকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। কিন্তু রোগীর সঙ্গে আসা তাঁর আত্মীয়স্বজন চিকিৎসকের কথায় ক্ষিপ্ত হয়ে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে ওই চিকিৎসককে তাঁরা মারধর করে চলে যান।
এ ঘটনায় স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকসহ অন্য কর্মচারীরা তাৎক্ষণিকভাবে কাজ বন্ধ করে দেন। এ ঘটনার বিচার না হওয়া পর্যন্ত কর্মবিরতির ঘোষণা দেন তাঁরা। পরে স্থানীয় সাংসদ আবদুল মজিদ মণ্ডল, সিভিল সার্জন শেখ মনজুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম ঘটনাস্থলে এসে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে চিকিৎসকেরা দুপুর সাড়ে ১২টার দিকে কর্মবিরতি প্রত্যাহার করে নেন।
ইউএনও সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষকে মামলা করতে বলা হয়েছে। মামলার পর দোষী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।