চিকিৎসককে মারধরের মামলায় ৪ আসামি কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার তেরখাদা উপজেলায় জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসককে মারধরের ঘটনায় করা মামলায় চার আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বুধবার দুপুর ১২টার দিকে ওই চার আসামি খুলনার জ্যেষ্ঠ বিচারিক হাকিম রওশন আরা রহমানের আদালতের আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠান।

কারাগারে পাঠানো আসামিরা হলেন তৌহিদ ফকির, অলিয়ার শেখ, নান্নু শেখ ও মেরাজ শেখ। তাঁরা ওই মামলার এজাহারভুক্ত আসামি ও তেরখাদা সদর ইউনিয়নের বাসিন্দা।

তেরখাদা থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বলেন, এজাহারভুক্ত চার আসামি আদালতে আত্মসমর্পণ করেছেন। তবে মামলার প্রধান আসামি ইউপি চেয়ারম্যান এফএম অহিদুজ্জামান আগামী ২৪ মার্চ পর্যন্ত উচ্চ আদালত থেকে জামিনে আছেন।

গত ২৮ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে তেরখাদা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত অবস্থায় মেডিকেল অফিসার শেখ আবদুল্লাহ আল মামুনকে পিটিয়ে আহত করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান এসএম অহিদুজ্জামান ও তাঁর কয়েকজন সঙ্গী। এ ঘটনায় চেয়ারম্যানকে প্রধান আসামি ও পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও কয়েকজনের নামে ওই রাতেই মামলা করেন আবদুল্লাহ আল-মামুন।

এ ঘটনায় আসামিদের গ্রেপ্তারের দাবিতে গত কয়েক দিন ধর্মঘট পালন করেন খুলনা জেলার সব হাসপাতালের চিকিৎসকেরা। আসামিদের অবিলম্বে গ্রেপ্তার করা হবে প্রশাসনের এমন প্রতিশ্রুতি পেয়ে তাঁরা ধর্মঘট প্রত্যাহার করেন।