চিকিৎসককে লাঞ্ছনা, প্রতিবাদে মানববন্ধন
আওয়ামী লীগের এক নেতার ছেলে গতকাল সোমবার দুপুরে পাবনার ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক সহকারী সার্জনকে লাঞ্ছিত করেছেন। এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক-সেবিকা ও কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষোভ ও মানববন্ধন করেন।
মানববন্ধন থেকে ওই ব্যক্তির কঠোর শাস্তি দাবি করা হয়েছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে শাস্তি দেওয়া না হলে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।
ফরিদপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ‘তোফাজ্জল হোসেন (৩২) নামের ওই ছেলেটিকে আটক করা হয়েছে। তোফাজ্জল উপজেলার বনওয়ারীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজাহার আলী সরকারের ছেলে।
প্রত্যক্ষদর্শী চিকিৎসক, সেবিকা ও রোগী সূত্র জানায়, দুপুর পৌনে একটার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন কাফি চৌধুরী এক শিশুরোগীর ব্যবস্থাপত্র লিখছিলেন। এ সময় তোফাজ্জল ওই কক্ষে ঢুকে চিকিৎসক ও সেবিকারা কাজে অবহেলা করছেন বলে চিৎকার-চেঁচামেচি শুরু করেন। তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের জ্যেষ্ঠ সেবিকা রিজিয়া বেগমকেও গালি দেন। সার্জন কাফি চৌধুরী তাঁকে থামতে বললে তিনি উত্তেজিত হয়ে ওঠেন। কথা-কাটাকাটির একপর্যায়ে তিনি ওই চিকিৎসককে এলোপাতাড়ি কিলঘুষি মারতে শুরু করেন। এ সময় অন্যরা এগিয়ে এলে তোফাজ্জল পালানোর চেষ্টা করেন। কর্মকর্তা-কর্মচারীরা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ফটকে তাঁকে আটক করে থানায় খবর দেন। পরে পুলিশ এসে তাঁকে থানায় নিয়ে যায়।
চিকিৎসক কাফি চৌধুরী বলেন, ‘এই স্বাস্থ্য কমপ্লেক্সে এ ধরনের ঘটনা আগেও ঘটেছে। এখানে বখাটেদের অত্যাচারে চিকিৎসক-সেবিকা কেউ নিরাপদ নন। তাই আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। অন্যথায় আন্দোলন ছাড়া কোনো উপায় থাকবে না।’