চিকিৎসককে লাঞ্ছিত করার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের এক শিক্ষকের বিরুদ্ধে চিকিৎসককে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার রাতে গাজীপুর সিভিল সার্জন কার্যালয়ে ওই ঘটনা ঘটে।
আহত চিকিৎসক প্রণয় ভূষণ দাসের সহকর্মী ও গাজীপুর স্বাচিপের সাংঠনিক সম্পাদক মো. মনিরুজ্জামান জানান, গাজীপুরের সিভিল সার্জন কার্যালয়ে গত শনিবার রাত সাড়ে নয়টার দিকে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) এক সভার আয়োজন করা হয়। সভায় স্বাচিপের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল আর্সলান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভা চলাকালে জেলা বিএমএর সেন্ট্রাল কাউন্সিলর ও স্বাচিপের আজীবন সদস্য প্রণয় ভূষণ বক্তব্য দিতে চাইলে সংগঠনের একাংশের নেতারা তাঁকে অনুমতি দেননি। তিনি এর প্রতিবাদ জানিয়ে সভাস্থল ত্যাগ করার সময় আমির হোসাইন, অসীম ঘোষসহ স্বাচিপের কয়েক নেতা তাঁর পথরোধ করে শার্টের কলার ধরে মারতে উদ্যত হন। এ সময় আত্মরক্ষার্থে পালানোর সময় বারান্দার দেয়ালের সঙ্গে ধাক্কা লেগে পড়ে গিয়ে আহত হন প্রণয়।
আহত প্রণয় বলেন, আমির হোসাইন স্থানীয় হওয়ায় ন্যায়-অন্যায় নয়, সব বিষয়েই হাসপাতাল ও মেডিকেল কলেজে আধিপত্য বিস্তার করতে চান। তাঁর কথামতো না চললে চিকিৎসকসহ কর্মচারীরা বিভিন্নভাবে হয়রানির শিকার হন।
স্বাচিপের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল আর্সলান তাঁদের দুই নেতার মধ্যে কথা-কাটাকাটির বিষয়টি স্বীকার করলেও এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ সুভাষ চন্দ্র সাহা জানান, ২০১২-১৩ অর্থবছরে বিশ্বব্যাংকের পুষ্টি প্রকল্পের কর্মকর্তা থাকাকালে টাকা আত্মসাতের মামলায় ওএসডি হন আমির হোসাইন। তার পরও তিনি এ হাসপাতালে এসে তাঁর আগের কক্ষে অবস্থান করেন। এখানে বসেই তাঁর অনুসারী চিকিৎসক ও শিক্ষকদের নিয়ে বিভিন্ন কাজের পরিকল্পনা করেন। এ ব্যাপারে বলতে গেলে অকথ্য ভাষায় গালমন্দ করেন।
স্বাচিপের গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আমির হোসাইন লাঞ্ছিত করার কথা অস্বীকার করে জানান, সভায় আলোচনা চলাকালে নিজেদের মধ্যে সামান্য ভুল-বোঝাবুঝি হয়েছিল। পরে তা সমাধান হয়ে যাবে।