চিকিৎসককে হুমকি দেওয়ায় এসআইকে বদলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসককে উলঙ্গ করার হুমকি দেওয়ায় নাটোরের লালপুর থানার এক উপপরিদর্শককে (এসআই) গতকাল রোববার তাৎক্ষণিকভাবে অন্যত্র বদলি করা হয়েছে।
তবে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওই চিকিৎসক ও তাঁর সহকর্মীরা এ ঘটনার প্রতিবাদে গতকাল সকাল থেকে কর্মবিরতি পালন শুরু করেছেন।
লালপুর থানা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, এসআই প্রশান্ত কুমার শনিবার বেলা ১১টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন মেজবাহুর রহমানকে একটি মেডিকেল সার্টিফিকেটের ব্যাপারে ফোন করেন। ফোনে কথোপকথনের একপর্যায়ে ওই এসআই উত্তেজিত হয়ে ওই চিকিৎসককে বলেন, ‘আপনাকে নেংটা করে ঘুরাব। আপনার গোষ্ঠী উদ্ধার করব।’ এই বক্তব্যটি ওই চিকিৎসক মুঠোফোনে ধারণ করেন এবং তা সিডি করে রোববার পুলিশ সুপারের কাছে হস্তান্তর করেন। তিনি এ ব্যাপারে ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত আবেদন করেন। একই সঙ্গে চিকিৎসকেরা পুলিশ কর্মকর্তাকে তাৎক্ষণিক অন্য জেলায় বদলি ও বিভাগীয় শাস্তি দাবি করে সকাল থেকে কর্মবিরতি শুরু করেন।
দুপুরে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ওই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং অভিযুক্ত কর্মকর্তাকে নাটোর সদর থানায় তাৎক্ষণিক বদলি করা হয়েছে বলে জানান।
লাঞ্ছনার শিকার চিকিৎসক মেজবাহুর রহমান বলেন, ‘একজন এসআই বিনা অপরাধে আমার মতো প্রথম শ্রেণির একজন কর্মকর্তাকে উলঙ্গ করার হুমকি দিয়েছেন।’
ওসি আবদুল হাই তালুকদার বলেন, ‘প্রশান্তর বয়স অল্প। রাগের মাথায় খারাপ কথা বলে ফেলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাই তাঁকে তাৎক্ষণিক বদলির আদেশ দিয়ে চিকিৎসকদের প্রতি সম্মান দেখিয়েছেন। এটাকে দণ্ড হিসেবে দেখতে হবে। কারণ পরিবার-পরিজন নিয়ে তাৎক্ষণিক বদলি হওয়াটা বেশ কষ্টের।’