চিকিৎসকদের টানা ধর্মঘটে খুলনায় রোগীদের ভোগান্তি
বেলা সাড়ে ১১টা। খুলনা শিশু হাসপাতালের বহির্বিভাগের সামনে ১৮ মাসের সন্তানকে বুকে আগলে ধরে বসে আছেন মো. মিজান। তাঁর কোলের মধ্যেই বড় বড় করে শ্বাস নিচ্ছে শিশুটি। মাঝেমধ্যে উঠে দাঁড়িয়ে কিছুক্ষণ হেঁটে এসে আবার বসছেন মিজান। উদ্বিগ্ন বাবা কী করবেন বুঝতে পারছেন না।
পিরোজপুর থেকে অসুস্থ ছেলেকে নিয়ে চিকিৎসার জন্য খুলনায় এসেছেন মিজান। তিনি জানান, ছেলের নিউমোনিয়া হয়েছে। পিরোজপুরের চিকিৎসকেরা খুলনা শিশু হাসপাতালে দেখাতে বলেছেন। এসে দেখেন, চিকিৎসক ধর্মঘটে বহির্বিভাগ বন্ধ। কর্তৃপক্ষ বলে দিয়েছে, চিকিৎসা যদি করাতেই হয়, তাহলে রোগী ভর্তি করাতে হবে। কিন্তু ভর্তি হয়ে থাকার মতো পর্যাপ্ত টাকাপয়সা ও কাপড়চোপড় নিয়ে আসেননি তিনি।
মিজানের মতো অনেকেই চোখেমুখে হতাশা নিয়ে গতকাল শনিবার ওই হাসপাতালের বহির্বিভাগের সামনে বসে ছিলেন। দূর দূরান্ত থেকে অসুস্থ শিশুসন্তানকে নিয়ে ছুটে এসে বিপাকে পড়েছেন তাঁরা।
শুধু শিশু হাসপাতাল নয়, নগরের অধিকাংশ হাসপাতালেই গতকাল এমন চিত্র দেখা যায়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও খুলনা জেনারেল হাসপাতালে বহির্বিভাগে এসে ফিরে গেছেন অনেক রোগী। অন্তর্বিভাগে (ইনডোর) চিকিৎসা অব্যাহত আছে বলে সরকারি হাসপাতালগুলোর কর্তৃপক্ষ দাবি করলেও কয়েকজন রোগী অভিযোগ করেন, সকাল থেকে কোনো চিকিৎসক তাঁদের দেখেননি। আর বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসাসেবা বন্ধ থাকলেও রোগীদের পরীক্ষা-নিরীক্ষার কাজ চলেছে।
খুলনার তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তাকে মারধরের মামলায় আসামিদের গ্রেপ্তারের দাবিতে গত বৃহস্পতিবার চিকিৎসকদের এ ধর্মঘট শুরু হয়েছে। গতকাল দ্বিতীয় দিনের মতো ধর্মঘট পালন করেন তাঁরা। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) খুলনা শাখা, প্রাইভেট মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন (বিপিএমপিএ) ও প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন (বিপিসিডিওএ) একযোগে এ কর্মসূচি চালাচ্ছে।
চিকিৎসকদের বিক্ষোভ: আসামিদের গ্রেপ্তার ও চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে গতকাল দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত খুলনা বিএমএ চত্বরে বিক্ষোভ সমাবেশ করেন চিকিৎসকেরা। আজ রোববার নগরের শিববাড়ি থেকে বিএমএ চত্বর পর্যন্ত পদযাত্রা কর্মসূচি পালন করবেন তাঁরা।
সমাবেশ শেষে বিএমএর খুলনা জেলা সভাপতি শেখ বাহারুল আলম প্রথম আলোকে বলেন, ‘চিকিৎসককে মারধরের ঘটনায় আসামিদের গ্রেপ্তার করছে না পুলিশ। তাঁদের গ্রেপ্তার না করা পর্যন্ত আমাদের এ ধর্মঘট অব্যাহত থাকবে।’ রোগীদের ভোগান্তির বিষয়ে তিনি বলেন, চিকিৎসকদের ধর্মঘট আসলেই খুব অন্যায় ও অমানবিক। কিন্তু বাধ্য হয়ে তাঁরা ধর্মঘট পালন করছেন।
গত ২৮ ফেব্রুয়ারি রাতে তেরখাদা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা শেখ আবদুল্লাহ আল মামুনকে কর্তব্যরত অবস্থায় পিটিয়ে আহত করা হয়। এ ঘটনায় রাতেই মামলা করেন আবদুল্লাহ।