চিকিৎসকদের নির্দোষ প্রমাণ করার চেষ্টা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দফা তদন্তে চিকিৎসায় অবহেলার অভিযোগ প্রমাণিত হওয়ার পরও চারজন চিকিৎসকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। অভিযোগ উঠেছে, কর্তৃপক্ষ চিকিৎসকদের নির্দোষ প্রমাণ করার চেষ্টা চালাচ্ছে।
শারমিন সরকারের চিকিৎসায় ‘চরম অবহেলা, অনীহা ও উদাসীনতার’ দায়ে হাসপাতালের ইএনটি বিভাগের প্রধান মো. ফিরোজ আহমেদ খান, সহকারী অধ্যাপক মো. আবুল হোসেন, এনেসথেসিয়া বিভাগের সহকারী অধ্যাপক মো. আবদুল করিম এবং একই বিভাগের জুনিয়র কনসালট্যান্ট ফয়জুল হাসান চৌধুরী ফ্রবেলকে চাকরি থেকে অপসারণ, অবসর বা বরখাস্ত করার সুপারিশ করা হয়েছে। কর্তৃপক্ষ এর কিছু না করে এই চিকিৎসকদের আত্মপক্ষ সমর্থন করার কথা বলেছে।
অবহেলায় মারা যাওয়া শারমিনের মা সুফিয়া সরকার প্রথম আলোকে বলেছেন, ‘আমরা শুনেছি, এত দিন পর ওই চিকিৎসকদের আবার আত্মপক্ষ সমর্থন করার কথা বলা হচ্ছে। কেন কর্তৃপক্ষ এটা করছে? যাদের অবহেলায় আমার মেয়েটি মারা গেল, তারা কতবার আত্মপক্ষ সমর্থন করবে?’
তদন্ত প্রতিবেদনের কাগজপত্রে দেখা যায়, গাজীপুরের আবদুর রাজ্জাক সরকারের মেয়ে শারমিন সরকার গত বছরের ৩ জুন ফিরোজ আহমেদ খানের অধীনে ইএনটি বিভাগে ভর্তি হন। পরদিন সকালে তাঁর অস্ত্রোপচার হয়। দুপুর পৌনে একটায় শারমিনকে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে স্থানান্তর করা হয়। এরপর তাঁকে আইসিইউতে পাঠানো হয়। ৯ জুন সুফিয়া সরকার কর্তৃপক্ষের কাছে চিকিৎসায় অবহেলার অভিযোগ করেন। ১৩ জুন শারমিন মারা যায়। প্রথম আলোসহ একাধিক দৈনিকে এ খবর ছাপা হয়।
উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল বেসরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ মেডিকেল স্টাডিজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের (বিএমএসআরআই) অধীনস্থ একটি প্রতিষ্ঠান। রাজধানীর ধানমন্ডির বেসরকারি বাংলাদেশ মেডিকেলও বিএমএসআরআইয়ের অধীনস্থ প্রতিষ্ঠান।
জানতে চাইলে বিএমএসআরআইয়ের নির্বাহী কমিটির সচিব অধ্যাপক নিয়াজ আহমেদ চৌধুরী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, প্রতিষ্ঠানের আইনে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দেওয়ার কথা বলা আছে। আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দেওয়ার অর্থ এই নয় যে, অপরাধী হলে তাদের অপরাধ মাফ করে দেওয়া হবে।
শারমিনের মায়ের আবেদনের পরিপ্রেক্ষিতে আইসিইউ বিভাগের প্রধান অধ্যাপক এ কে এম শফিকুর রহমানকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি করে কলেজ কর্তৃপক্ষ। কমিটি চারজন চিকিৎসকের বিরুদ্ধে দায়িত্ব পালনে চরম অবহেলা, উদাসীনতা ও অসদাচরণের সত্যতা পায়। তদন্ত কমিটি ২৫ জুন বিএমএসআরআই কর্তৃপক্ষের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদন পাওয়ার পর কর্তৃপক্ষ ওই চারজন চিকিৎসককে সাময়িক বরখাস্ত করে।
প্রতিবেদনে বলা হয়, ফিরোজ আহমেদ খান শারমিনের পরিবারকে প্রতিশ্রুতি দেওয়ার পরও তিনি নিজে অস্ত্রোপচার করেননি। অস্ত্রোপচারের পরিণতি সম্পর্কে পরিবারকে কিছু জানাননি। তদন্ত কমিটি বলেছে, ফিরোজ আহমেদ তদন্তের ব্যাপারে আন্তরিক ছিলেন না এবং তদন্ত কমিটিকে অপমান করেন।
তদন্ত কমিটির প্রতিবেদনের ব্যাপারে জানতে চাইলে ফিরোজ আহমেদ খান বলেন, কর্তৃপক্ষ নিজেদের দুর্বলতা ঢাকার জন্য চিকিৎসকদের ওপর দোষ চাপিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মো. আবদুল করিম অস্ত্রোপচারের প্রস্তুতি ছাড়াই শারমিনকে অস্ত্রোপচারের তিন ঘণ্টা আগে অপারেশন থিয়েটারে ঢোকান, যা শারমিনের মানসিক যন্ত্রণা ও উৎকণ্ঠার কারণ হয়। অস্ত্রোপচার শেষে শারমিনের উচ্চ রক্তচাপ দেখা দিলে আবদুল করিম নিজে চিকিৎসা না দিয়ে অস্ত্রোপচার কক্ষের সহকারীকে নির্দেশ দেন ইনজেকশন দেওয়ার। শারমিনকে এনেসথেসিয়া দেওয়ার পরপরই সংশ্লিষ্ট চিকিৎসক ফয়জুন হাসান চৌধুরীকে হাসপাতালের বাইরে যাওয়ার অনুমতি দেন ডা. করিম এবং এনেসথেসিয়া থেকে রিকভারি করার আগেই শারমিনকে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে পাঠিয়ে দেন।
তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ডা. মো. আবুল হোসেন চিকিৎসা নথিতে জালিয়াতি করেছেন। পোস্ট অপারেটিভ ওয়ার্ডে শারমিনের অবস্থার অবনতি হলে তাঁকে চিকিৎসায় এগিয়ে আসেননি।
জানতে চাইলে আবুল হোসেনও এই তদন্ত প্রতিবেদনকে পক্ষপাতমূলক বর্ণনা করে প্রথম আলোকে বলেছেন, ‘আমি এই রিপোর্টের বক্তব্য বিশ্বাস করি না। আমার কাছে এই রিপোর্ট বিশ্বাসযোগ্য নয়।’
ফয়জুন হাসান চৌধুরী এনেসথেসিয়া দেওয়ার পরপরই কক্ষ থেকে চলে যান। এনেসথেসিয়া-সংক্রান্ত নথিতেও তিনি জালিয়াতি করেছেন। পোস্ট অপারেটিভ ওয়ার্ডে শারমিনের অবস্থা খারাপ হলেও তিনি তাঁকে দেখতে চাননি।
তদন্ত কমিটি বলেছে, এঁরা প্রত্যেকেই শারমিন সরকারের চিকিৎসায় অবহেলা করেছেন, পেশাগত নীতির বরখেলাপ করেছেন। এঁদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও অসদাচরণের অভিযোগ প্রমাণিত হয়েছে। এঁরা শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
এই প্রাথমিক তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিএমএসআরআই এই চারজন চিকিৎসকের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য নির্বাহী কাউন্সিলের সদস্য মো. রেজাউল করিমকে তদন্ত কর্মকর্তা নিয়োগ করে। রেজাউল করিমও চিকিৎসায় অবহেলার অভিযোগের প্রমাণ পেয়ে প্রত্যেক চিকিৎসকের জন্য শাস্তির সুপারিশ করেছেন। কলেজ সূত্রে জানা গেছে, ১৭ ফেব্রুয়ারি বিএমএসআরআইয়ের নির্বাহী কমিটির সভায় তদন্ত কর্মকর্তার প্রতিবেদন উপস্থাপন করা হয়। সভায় সিদ্ধান্ত হয়, কর্তৃপক্ষ আবার একটি কমিটি গঠন করবে এবং চার চিকিৎসক আত্মপক্ষ সমর্থন করে ওই কমিটির কাছে বক্তব্য উপস্থাপন করবেন। নতুন এই কমিটিতে একজন ইএনটি বিশেষজ্ঞ রাখা হবে।