চিকিৎসকদের বাসভবনে পুলিশের বসবাস
নীতিমালা লঙ্ঘন করে রাজশাহীর বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের সরকারি বাসভবন পুলিশ কর্মকর্তাদের ভাড়া দেওয়া হয়েছে। অভিযোগ উঠেছে, গত সাত বছরে ভাড়ার সাড়ে সাত লাখ টাকা তুলে নিজের পকেটে ভরেছেন ওই স্বাস্থ্য কমপ্লেক্সের একজন কর্মকর্তা।
এলাকার বাসিন্দা তপন কুমার সরকারসহ ১২-১৩ জন এ-সংক্রান্ত একটি অভিযোগ ২০ নভেম্বর স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক, জেলা সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট দপ্তরে দিয়েছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে ৪ ডিসেম্বর সিভিল সার্জনের কার্যালয়ের কর্মকর্তারা তদন্ত করেছেন।
লিখিত অভিযোগপত্র সূত্রে জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও কর্মকর্তাদের জন্য নির্মাণ করা তিনটি বাসভবনের দুটির বেশির ভাগ ফ্লোর থানা-পুলিশের কর্মকর্তাদের ভাড়া দেওয়া হয়েছে। ২০০৭ সাল থেকে পাঁচজন পুলিশ কর্মকর্তা তাঁদের পরিবারসহ সেখানে বাস করেন। দুটি ভবনে ছয়টি ইউনিট ব্যবহার করছেন তাঁরা। এ জন্য কমপ্লেক্সের প্রধান সহকারী কাম হিসাবরক্ষক আবদুস সাত্তারকে মাসিক দুই থেকে আড়াই হাজার টাকা করে ভাড়া পরিশোধ করতে হয়। সেই হিসাবে তিনি সাড়ে সাত লাখ টাকা তুলেছেন।
সরেজমিনে দেখা যায়, প্রধান ফটকের পাশের দুটি বাসভবনে একজন পরিদর্শক ও একজন উপপরিদর্শক (এসআই) এবং দক্ষিণ পাশের ভবনে দুজন সহকারী উপপরিদর্শক (এএসআই) পরিবার নিয়ে বসবাস করছেন। গত মাসে একজন এএসআই পাবনায় বদলি হয়ে যাওয়ায় তাঁর ফ্লোরটি খালি আছে।
নাম প্রকাশ না করার শর্তে দুজন পুলিশ কর্মকর্তা জানান, তাঁরা ভাড়ার টাকা আবদুস সাত্তারকে দেন।
আবদুস সাত্তার বিষয়টি প্রথমে অস্বীকার করে জানান, তাঁরা বেতন থেকে টাকা সরাসরি সরকারি হিসাবে জমা দেন। তবে তিনি ভাড়ার টাকা আত্মসাৎ করেছেন, এমন প্রমাণ আছে জানালে ‘এ বিষয়ে না লেখার জন্য অনুরোধ করেন’।
নাম প্রকাশ না করার শর্তে দুজন চিকিৎসক অভিযোগ করেন, পুলিশ কর্মকর্তারা বাসভবনে থাকার কারণে চিকিৎসকেরা থাকতে পারেন না।
এদিকে চিকিৎসকদের বাসভবনে পুলিশ কর্মকর্তা বা অন্য কাউকে ভাড়া দেওয়ার বিধান নেই বলে স্বীকার করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শহিদুল ইসলাম। তিনি বলেন, ‘অনেকের অনুরোধে ভাড়া দেওয়া হয়েছে।’ তবে তাঁর দপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি।