চিকিৎসকদের বিরুদ্ধে সময়মতো দায়িত্ব পালন না করার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসকেরা সময়মতো দায়িত্ব পালন করছেন না বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার সরেজমিনে এ অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
সদর হাসপাতালে গতকাল সকাল পৌনে ১০টার দিকে গিয়ে মাত্র দুজন চিকিৎসককে দেখা যায়। তাঁরা হলেন নাজমুন সেহার ও নাজির আহমেদ। ওই সময় হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) শফিকুল ইসলামও উপস্থিত ছিলেন না।
বহির্বিভাগে এ দুজন চিকিৎসকের কক্ষের সামনে দাঁড়িয়ে থাকা রোগীরা জানান, তাঁরা চিকিৎসা শুরু করেছেন মাত্র ১০ মিনিট আগে। ওই সময় হাসপাতালে আসেন সিভিল সার্জন আলাউদ্দীন। এ বিষয়ে তাঁর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি এর সত্যতা নিশ্চিত করে বলেন, ‘হরতাল-অবরোধের কারণে চিকিৎসকদের কাজে যোগদানে কিছুটা দেরি হচ্ছে। এ ছাড়া রাজশাহী থেকে এসে যে চারজন চিকিৎসক সদর হাসপাতালে দায়িত্ব পালন করছেন, তাঁদের ক্ষেত্রে দেরি হয় বেশি। তবে কয়েক দিন আগে সদর হাসপাতালের প্রত্যেক চিকিৎসককে সকাল সাড়ে আটটায় আসা এবং বেলা আড়াইটা পর্যন্ত দায়িত্ব পালনের জন্য লিখিত নির্দেশ দেওয়া হয়েছে। এতে আগের চেয়ে পরিস্থিতি কিছুটা ভালো হয়েছে। তবে আড়াইটা পর্যন্ত বেশির ভাগ চিকিৎসকই দায়িত্ব পালন করেন না বলে অভিযোগ পেয়েছি।’
আরএমও শফিকুল ইসলাম তাঁর অনুপস্থিতির ব্যাপারে বলেন, সাম্প্রতিক সহিংসতার বিরুদ্ধে পেশাজীবীদের কর্মসূচিতে অংশগ্রহণের জন্য তিনি তখন হাসপাতালে উপস্থিত ছিলেন না।