চিকিৎসকদের হাতাহাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গতকাল রোববার চিকিৎসকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। গত শনিবারও এমন ঘটনা ঘটে বলে বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্র নিশ্চিত করেছে।
বিশ্ববিদ্যালয়ের অনকোলজি বিভাগের মেডিকেল অফিসার জাহান শামস অভিযোগ করেন, গতকাল মেডিসিন বিভাগের একজন চিকিৎসক তাঁকে মারধর করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে তিনি খাচ্ছিলেন। এ সময় মেডিসিন বিভাগের একজন চিকিৎসক কয়েকজন বহিরাগত ব্যক্তিকে নিয়ে সেখানে অসভ্যতা করছিলেন। তিনি এর প্রতিবাদ করেন। এতে ক্ষুব্ধ হয়ে মেডিসিন বিভাগের ওই চিকিৎসক তাঁকে মারধর করেন। তিনি এই ঘটনা লিখিতভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র জানিয়েছে, দুজন চিকিৎসকই স্বাধীনতা চিকিৎসক পরিষদের একটি উপদলের সদস্য। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত শনিবারও একই জায়গায় চিকিৎসকেরা গোলমাল করেছেন। চেয়ার-টেবিল ও থালা-বাটি ভেঙেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কামরুল হাসান খান জানান, তিনি বিষয়টি শুনেছেন। খোঁজখবর নিচ্ছেন।