চিকিৎসকসহ গাড়ি চোর চক্রের চারজন আটক
সিলেটে গাড়ি চোর চক্রের সন্ধানে টানা দুই দিনের অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। তারা গাড়ি কেনাবেচায় প্রায় তিন কোটি টাকার প্রতারণা ও চোর চক্রের সঙ্গে একজন চিকিৎসকের জড়িত থাকার অভিযোগ পেয়েছে। গত রোববার থেকে সোমবার রাত পর্যন্ত পরিচালিত এ অভিযানে তিনটি চোরাই গাড়ি উদ্ধার ও চিকিৎসকসহ চারজনকে আটক করা হয়েছে।
আটক চিকিৎসক হলেন নগরের নয়াসড়ক এলাকার বাসিন্দা ফাহমি ইকবাল রাব্বী (৩৮)। তাঁর সঙ্গে জড়িত গাড়িচোর চক্রের আটক সদস্যরা হলেন দক্ষিণ সুরমার রমেল আহমদ (৩৫), আম্বরখানা বড় বাজারের ইমাদুর রহমান (২৮) ও গোলাপগঞ্জের শাহ আলম (২৬)।
র্যাব জানায়, চিকিৎসক ফাহমি সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক। পাশাপাশি তিনি প্রায় পাঁচ বছর ধরে গাড়ি কেনাবেচার ব্যবসা করছেন। নয়াসড়ক বিহঙ্গ আবাসিক এলাকায় তাঁর বাসার নিচতলায় ‘কার গার্ডেন শো রুম’ নামে একটি প্রতিষ্ঠান রয়েছে। চট্টগ্রাম থেকে গাড়ি আমদানি করে তিনি সিলেটে বিক্রি করেন। সম্প্রতি নগরের বিভিন্ন পেশার ১৫ জনের কাছ থেকে গাড়ি বিক্রির কথা বলে আগাম প্রায় তিন কোটি টাকা নেন। কিন্তু তাঁদের গাড়ি দিচ্ছিলেন না। এ নিয়ে দুজন চিকিৎসক তাঁর বিরুদ্ধে মামলাও করেন।
এরপর র্যাবের একটি দল রোববার থেকে অনুসন্ধান শুরু করে। চিকিৎসক ফাহমির দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার রাতে অভিযান চালিয়ে মীরের ময়দান ও কাজিটুলা এলাকা থেকে কাগজপত্রবিহীন তিনটি গাড়ি উদ্ধার করা হয়। পরে এ তিনটি গাড়ি চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক করা হয় তিনজনকে।
র্যাব-৯-এর এএসপি মোহাম্মদ জিয়াউল হক সোমবার রাতে প্রথম আলোকে বলেন, চিকিৎসক ফাহমির বিরুদ্ধে গাড়ি বিক্রির কথা বলে প্রায় তিন কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আছে। আটক হওয়ার পর তিনি বিষয়টি স্বীকারও করেছেন। আটক চারজনের বিরুদ্ধে গাড়ি চুরি ও প্রতারণার অভিযোগে মামলা করা হবে।