চিকিৎসকের অবহেলায় গর্ভে সন্তান মারা যাওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের পরিচালিত মেমন মাতৃসদন হাসপাতালে চিকিৎসকের অবহেলায় এক নারীর গর্ভের সন্তান মারা গেছে বলে অভিযোগ উঠেছে। এ অভিযোগ পাওয়ার পর হাসপাতালের চিকিৎসক ইশরাত জাহানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে করপোরেশন।
সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, গত শনিবার সকালে প্রসব বেদনা নিয়ে মেমন মাতৃসদন হাসপাতালে ভর্তি হন নগরের হালিশহর বি-ব্লকের বাসিন্দা নিশাত জেরিন। পরদিন রোববার রাতে গর্ভাবস্থায় শিশুটির মৃত্যু হয়। গতকাল সোমবার সকালে অস্ত্রোপচার করে মৃত শিশু বের করা হয়।
নিশাত জেরিনের স্বামী শাহ নেওয়াজ অভিযোগ করেন, ‘চিকিৎসকের অবহেলার কারণে আমার স্ত্রী মৃত বাচ্চা প্রসব করেন।’
সিটি করপোরেশনের সচিব আবুল হোসেন জানান, গর্ভাবস্থায় শিশুর মৃত্যুর বিষয়ে ইশরাত জাহানের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
তবে অবহেলার অভিযোগ অস্বীকার করেছেন ইশরাত জাহান।