চিকিৎসকের অবহেলায় প্রসূতির পা পুড়ে যাওয়ার অভিযোগ
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ উঠেছে। এতে এক প্রসূতির পা পুড়ে গেছে। ওই প্রসূতি শিশুসন্তান নিয়ে দীর্ঘ ১৯ দিন ধরে ওই স্বাস্থ্য কমপ্লেক্সে যন্ত্রণায় কাতরাচ্ছেন।
এদিকে চিকিৎসকেরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পাঠানোর পরামর্শ দিলেও রোগীর স্বজনেরা অর্থের অভাবে যেতে পারছেন না।
রোগীর স্বজনেরা বলেন, গত ২১ আগস্ট প্রসববেদনা নিয়ে কাজীপুর মেঘাই ওয়াপদা বাঁধের ভ্যানচালক মো. কামাল হোসেনের স্ত্রী রাশেদা খাতুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা করে অস্ত্রোপচারের পরামর্শ দিলে ওই দিনই সেখানে তাঁর অস্ত্রোপচার করা হয়।
রোগীর স্বামী কামাল অভিযোগ করে বলেন, ‘অস্ত্রোপচারের সময় চিকিৎসকদের অবহেলার কারণে অপর একটি ইলেকট্রিক যন্ত্রের সঠিক ব্যবহার না করায় রাশেদার পা পুড়ে যায়। ১৯ দিন ধরে রাশেদা শিশু বাচ্চা নিয়ে হাসপাতালে থাকলেও পোড়ার ক্ষত ভালো হওয়া দূরের কথা, আরও অবনতি হয়েছে। বর্তমানে ক্ষতের অবস্থা মারাত্মক আকার ধারণ করেছে। চিকিৎসকেরা রাশেদাকে ঢাকার বার্ন ইউনিটে নেওয়ার জন্য বলছেন। রাশেদাকে বাইরে নেওয়ার মতো টাকা-পয়সা আমার নেই। আমি একজন দরিদ্র মানুষ। চিকিৎসকেরা হাসপাতালেও রাশেদাকে রাখতে দিচ্ছেন না।’
এ বিষয়ে কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, অস্ত্রোপচারের সময় যান্ত্রিক ত্রুটির কারণে এ রকম হয়েছে। রোগীর লিগামেন্ট পুড়ে গেছে। ভালো হতে সময় লাগবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা সাজ্জাদ মাসুম বলেন, প্রসূতি অস্ত্রোপচারে মায়েদের রক্তক্ষরণ বন্ধে ড্যায়াথারমিন নামের একটি ইলেকট্রিক যন্ত্র ব্যবহৃত হয়। এটি পায়ে লাগাতে হয়। লাগানোর আগে পায়ের সঙ্গে কাপড় বা ব্যান্ডেজ বাঁধতে হয়, যাতে কোনো ইলেট্রিক শক না লাগে। পায়ে কাপড় না বাঁধার কারণে ওই রোগীর পা পুড়ে গেছে। এটি একটি নিছক দুর্ঘটনা মাত্র। উন্নত চিকিৎসার জন্য রোগীকে ঢাকায় বার্ন ইউনিটে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এ বিষয়ে সিরাজগঞ্জের সিভিল সার্জন শেখ মুনজুর রহমান বলেন, ‘প্রাথমিক পর্যায়ে বিষয়টি আমাকে জানানো হয়েছিল। বলা হয়েছিল রোগী সুস্থ হয়ে উঠবে। কিন্তু বর্তমানে রোগীর অবস্থা গুরুতর, সেটা জানা নেই। খোঁজ নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’