চিকিৎসকের অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় ডক্টরস ক্লিনিকে গত শনিবার রাতে শেফালী বেগম (২১) নামের এক প্রসূতির মৃত্যু হয়েছে। চিকিৎসকের ভুল চিকিৎসা ও অবহেলায় ওই প্রসূতির মৃত্যু হয়েছে বলে নিহত শেফালীর স্বামী অভিযোগ করেছেন।
নিহতের স্বামী অভয়নগরের শংকরপাশা গ্রামের মাসুম বিল্লাহ (২৯) বলেন, ‘আমার স্ত্রী শেফালীর সন্তান প্রসবের নির্ধারিত দিন ছিল ২৯ আগস্ট। শরীর খারাপ লাগায় শনিবার বিকেলে তাঁকে নওয়াপাড়ায় ডক্টরস ক্লিনিকে নিয়ে যাই। ক্লিনিকের মালিক চিকিৎসক আবদুল গফফার অস্ত্রোপচার করতে বলেন। রাত আটটার দিকে তিনি অস্ত্রোপচার করেন। একটি পুত্রসন্তান হলেও শেফালীর চেতনা ফিরেনি। এরপর আবদুল গফফার আরেক রোগীর অস্ত্রোপচারে ব্যস্ত হয়ে পড়েন। চেতনা না ফেরায় নার্সদের মাধ্যমে চিকিৎসককে এসে দেখার জন্য অনেকবার অনুরোধ করলেও তিনি আসেননি। রাত ১০টার দিকে গফফার এসে আমার মৃত স্ত্রীকে ক্লিনিকের অ্যাম্বুলেন্সে করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে পাঠিয়ে দেন।’
অভিযোগ অস্বীকার করে চিকিৎসক আবদুল গফফার দাবি করেন, ‘আপ্রাণ চেষ্টা করেও প্রসূতিকে বাঁচাতে পারিনি। আড়াই ঘণ্টা পর হঠাৎ করে শেফালীর হার্টবিট বেড়ে যায় এবং প্রেসার দ্রুত নেমে যায়।’