চিকিৎসকের অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ
ভোলা শহরের একটি বেসরকারি চিকিৎসাকেন্দ্রে গত শনিবার চিকিৎসকের অবহেলায় এক প্রসূতির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
মারা যাওয়া নারীর নাম আছমা বেগম (১৯)। তাঁর বাড়ি সদর উপজেলার বাঘারহাট এলাকায়। ন্যাশনাল হেলথ কেয়ার সেন্টার নামের একটি চিকিৎসাকেন্দ্রে অস্ত্রোপচারকালে তিনি মারা যান। তাঁর আত্মীয়স্বজন চিকিৎসাকেন্দ্রটি ঘেরাও করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
সদর থানার পরিদর্শক (তদন্ত) অসীম কুমার শিকদার বলেন, ‘মৃত নারীর স্বজনকে অভিযোগ দিতে বলেছি। শনিবার রাতে পুলিশ অপমৃত্যুর মামলা করেছে।’
আছমা বেগমের স্বামী মনির হোসেন বলেন, স্ত্রীর প্রসববেদনা উঠলে তিনি শনিবার বিকেলে সদর উপজেলার মা ও শিশুকল্যাণ কেন্দ্রে নিয়ে আসেন। সেখানে থাকা ন্যাশনাল হেলথ কেয়ার সেন্টারের চিকিৎসক জেসি রায়সহ একটি দালাল চক্র দ্রুত অস্ত্রোপচার করাতে হবে বলে মৌখিক চুক্তিতে রাত নয়টার দিকে আছমাকে ন্যাশনাল হেলথ কেয়ার সেন্টারে নিয়ে যান। সেখানে নিয়ে রোগীকে অস্ত্রোপচার কক্ষে (ওটি) ফেলে চিকিৎসক কোথায় যেন চলে যান। কিছুক্ষণ পর এসে ‘রোগী মারা গেছে বলে’ জেসি রায় ও চিকিৎসাকেন্দ্রের পরিচালক পালিয়ে যান। তিনি দাবি করেন, তাৎক্ষণিকভাবে চিকিৎসা না দিয়ে দীর্ঘসময় ফেলে রাখার কারণে তাঁর স্ত্রী মারা গেছেন।
এ ঘটনার পর শনিবার রাত সাড়ে ১০টার দিকে ও গতকাল রোববার বেলা দুইটার দিকে চিকিৎসাকেন্দ্রটিতে গিয়ে কাউকে পাওয়া যায়নি।
ন্যাশনাল হেলথ কেয়ার সেন্টারের পরিচালক মো. সোলায়মান মুঠোফোনে বলেন, আছমা বেগমের প্রচণ্ড খিঁচুনি ও রক্তচাপ বাড়তি থাকার কারণে চেষ্টা করেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। জেলা সিভিল সার্জন ফরিদ আহমেদ বলেন, প্রমাণ সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।