চিকিৎসকের অবহেলায় ব্যবসায়ীর মৃত্যু?
চিকিৎসকের অবহেলায় গাইবান্ধা সদর হাসপাতালে গতকাল সোমবার এক ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে নিহত ব্যক্তির স্বজনেরা আবাসিক চিকিৎসা কর্মকর্তার (আরএমও) কক্ষের আসবাবপত্র ভাঙচুর করেন। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে।
মৃত ব্যবসায়ীর নাম শিপন মিয়া (২৬)। মুচলেকা দিয়ে ছাড়া পাওয়া দুজন হলেন শিপনের খালাতো ভাই আরিফ মিয়া (২৮) ও প্রতিবেশী একরাম হোসেন (৩০)। তাঁদের বাড়ি বল্লমঝাড় ইউনিয়নের মধ্য ধানঘড়া গ্রামে। শিপন গাইবান্ধা পৌর মার্কেটে সানু ফ্যাশন নামের একটি দোকানে কাপড়ের ব্যবসা করতেন।
সদর থানা-পুলিশ ও পরিবার সূত্র জানায়, গতকাল বেলা ১১টার দিকে বুকে ব্যথা অনুভব করলে শিপনকে আত্মীয়স্বজন সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে ইলেকট্রোকার্ডিওগ্রাফি (ইসিজি) করার পর চিকিৎসকেরা তেমন সমস্যা নেই বলে জানান। কিছু ওষুধ লিখে দিয়ে শিপনকে বাড়ি ফিরে যেতে বলা হয়।
শিপনের খালাতো ভাই আরিফ মিয়া বলেন, ‘হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে শিপন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। দুপুর ১২টার দিকে আবার তাঁকে সদর হাসপাতালে নেওয়া হয়। এ সময় চিকিৎসকেরা চিকিৎসা না দিয়ে সময় ক্ষেপণ করতে থাকেন। চিকিৎসা দেওয়ার আগেই হাসপাতালে শিপন মারা যান।’
এদিকে মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শিপনের আত্মীয়স্বজন বেলা একটার দিকে হাসপাতালের আরএমওর কক্ষে ঢুকে চেয়ার-টেবিলসহ আসবাবপত্র ভাঙচুর শুরু করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আরএমও শাহীনুল ইসলাম বলেন, ‘চিকিৎসকদের অবহেলায় মৃত্যুর অভিযোগ ঠিক নয়। দ্বিতীয় দফায় শিপনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক মৃত্যুর বিষয়টি জানালে আত্মীয়স্বজন উত্তেজিত হয়ে পড়েন। তাঁরা আমার কক্ষে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করেন এবং আমার ওপর চড়াও হন।’
আরিফ মিয়া বলেন, ‘আমরা আরএমওর কাছে কর্তব্যরত চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার প্রতিবাদ জানাতে গিয়েছিলাম। কিন্তু হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীরা পুলিশের উপস্থিতিতে আমাদের মারধর করে।’
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য দুজনকে আটক করা হয়েছিল। মুচলেকা নিয়ে বিকেলে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।