চিকিৎসকের অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ
রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসকের অবহেলায় এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট চিকিৎসক।
হাসপাতালে মৃত ব্যক্তির নাম নূর ইসলাম ভূঁইয়া (৫০)। তিনি রাজবাড়ী সদর উপজেলার বানিবহ ইউনিয়নের সারাফত হোসেন ভূঁইয়ার ছেলে। এ ঘটনায় রোগীর স্বজনেরা চিকিৎসকের গাফিলতির অভিযোগ তুলে শুক্রবার বিকেলে সিভিল সার্জনের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
নূর ইসলাম ভূঁইয়ার ভাই শাহ আলম সাংবাদিকদের বলেন, শুক্রবার সকাল সাতটার দিকে তাঁর বড় ভাই বুকে ব্যথা অনুভব করেন। তাঁকে সকাল সাড়ে সাতটার দিকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। শাহ আলম অভিযোগ করেন, এ সময় জরুরি বিভাগের চিকিৎসক সৌরভ শিকদার টেলিভিশন দেখছিলেন। তাঁকে বারবার ডাকা হলেও তিনি না এসে দূর থেকে দেখেই ইসিজি করাতে বলে চলে যান। দীর্ঘক্ষণ পর এক নার্স এসে রক্তচাপ মাপার চেষ্টা করেন। কিন্তু যন্ত্রটি কাজ না করায় রক্তচাপ মাপা সম্ভব হয়নি। এর কিছুক্ষণ পরই তিনি মারা যান।
তবে এ অভিযোগ অস্বীকার করে হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা সৌরভ শিকদার বলেন, ‘সকালে ওই রোগী বুকে ব্যথা নিয়ে হাসপাতালে এলে আমি প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি হতে বলি। সেই সঙ্গে পরিবারের সদস্যদের দ্রুত ইসিজি করাতে বলি। হাসপাতালে ইসিজি বিভাগের লোক না থাকায় বাইরে থেকে লোক এনে করাতে হয়। দেরি হবে বলে বাইরে থেকে দ্রুত করিয়ে আমাকে রিপোর্ট দেখাতে বলি। কিন্তু তারা জরুরি বিভাগ থেকে চলে যাওয়ার পর আর আসেনি। এ ছাড়া সকাল আটটার দিকে আমার ডিউটি শেষ হলে পরবর্তী কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা তানজিলার কাছে বুঝিয়ে দিই। পরে মুঠোফোনে জানতে পারি সেই রোগী মারা গেছেন।’
রাজবাড়ী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সুশীল কুমার রায় প্রথম আলোকে বলেন, মৃত রোগীর পরিবার শুক্রবার বিকেলে সিভিল সার্জনের কাছে একটি লিখিত অভিযোগ করেছেন। এতে চিকিৎসকের গাফিলতির অভিযোগ আনা হয়েছে। বর্তমানে সিভিল সার্জন জরুরি কাজে ঢাকায় অবস্থান করছেন। তিনি এলে আগামী দুই-তিন দিনের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে। তদন্ত শেষে অভিযোগের বিষয়ে প্রতিবেদন দেওয়া হবে।