চিকিৎসকের অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ
রাজবাড়ী সদর হাসপাতালে গত শুক্রবার চিকিৎসকের অবহেলায় নূর ইসলাম ভুঁইয়া (৫০) নামের এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় মারা যাওয়া ব্যক্তির পরিবার সিভিল সার্জনের কাছে লিখিত অভিযোগ দিয়েছে। নূর ইসলাম সদর উপজেলার বানিবহ ইউনিয়নের বানিবহ গ্রামের বাসিন্দা।
তবে ওই অভিযোগ অস্বীকার করেছেন চিকিৎসক সৌরভ শিকদার।
নূর ইসলামের ভাই শাহ আলম বলেন, ‘গত শুক্রবার সকাল সাতটার দিকে আমার বড় ভাই নূর ইসলামের বুকে ব্যথা হয়। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে আসা হয় রাজবাড়ী সদর হাসপাতালে। সেখানে ভাইকে ভর্তি করানো হয়। এ সময় জরুরি বিভাগের চিকিৎসক সৌরভ শিকদার টেলিভিশন দেখছিলেন। তাঁকে (সৌরভ) বারবার ডাকা হলেও তিনি কাছে না এসে দূর থেকেই আমাদের রোগীকে ইসিজি করাতে বলে চলে যান। দীর্ঘসময় পর এক সেবিকা এসে ভাইয়ের প্রেশার মাপার চেষ্টা করেন। কিন্তু প্রেশার মাপার যন্ত্রটি নষ্ট থাকায় তা আর পারেননি। এর কিছুক্ষণ পরই ভাই আমার সেখানেই মারা যান।’
নূর ইসলামের স্বজনেরা আরও অভিযোগ করেন, এত বড় একটি হাসপাতাল। সেখানে একটি প্রেশার মাপার ভালো যন্ত্রও নেই। অক্সিজেন সিলিন্ডার থাকলেও নেই অক্সিজেনের ব্যবস্থা। এ ছাড়া ইসিজি করাতে বললেও তার জন্য একজন লোকও নেই। তাঁরা প্রশ্নের সুরে বলেন, এ অবস্থায় কীভাবে একটি হাসপাতাল চলে? ওই চিকিৎসক দ্রুত রোগীর কাছে এসে প্রয়োজনীয় ব্যবস্থা নিলে হয়তো মৃত্যুর ঘটনাটি এড়ানো যেত।
অভিযোগ অস্বীকার করে চিকিৎসক সৌরভ শিকদার বলেন, ‘সকালে ওই রোগী বুকে ব্যথা নিয়ে হাসপাতালে আসলে আমি প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি হতে বলি। সেই সঙ্গে পরিবারের সদস্যদের দ্রুত ইসিজি করাতে বলি। হাসপাতালে ইসিজি বিভাগের লোক না থাকায় বাইরে থেকে লোক এনে করাতে হয়। দেরি হবে বলে বাইরে থেকে দ্রুত করিয়ে আমাকে রিপোর্ট দেখাতে বলি। কিন্তু তারা জরুরি বিভাগ থেকে চলে যাওয়ার পর আর আসেনি। এ ছাড়া সকাল আটটার দিকে আমার ডিউটি শেষ হলে পরবর্তী কর্তব্যরত চিকিৎসক তানজিলার কাছে দায়িত্ব বুঝিয়ে দিয়ে চলে যাই। পরে মুঠোফোনে জানতে পারি সেই রোগী মারা গেছে।’
রাজবাড়ী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সুশীল কুমার রায় প্রথম আলোকে বলেন, মারা যাওয়া রোগীর পরিবার থেকে গত শুক্রবার বিকেলে সিভিল সার্জনের কাছে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এতে চিকিৎসকের গাফিলতির অভিযোগ আনা হয়েছে। বর্তমানে সিভিল সার্জন জরুরি কাজে ঢাকায় আছেন। তিনি এলে দুই-তিন দিনের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।