চিকিৎসকের অবহেলায় শিশুর মৃত্যুর অভিযোগ
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত সোমবার চিকিৎসকের অবহেলায় হামিদা বেগম নামের দেড় মাস বয়সী একটি শিশু মারা গেছে বলে অভিযোগ উঠেছে। সে জুড়ী উপজেলার উত্তর সাগরনাল গ্রামের সহিদুর রহমানের মেয়ে।
শিশুটির মা মনোয়ারা বেগমের ভাষ্য অনুযায়ী, শ্বাসকষ্ট দেখা দেওয়ায় হামিদাকে গত শনিবার রাত সাড়ে ১২টার দিকে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করেন। পরদিন সকাল সাড়ে নয়টার দিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা মিজানুর রহমান ওয়ার্ডে গেলেও শিশুটিকে না দেখে চলে যান। বিকেল চারটার দিকে স্বজনেরা শিশুটিকে মিজানুরের ব্যক্তিগত চেম্বারে নিয়ে দেখান। তিনি পরীক্ষা-নিরীক্ষা করে ব্যবস্থাপত্র দেন। পরদিন সোমবার সকালে শিশুটির মুখ ফোলা দেখে স্বজনেরা মিজানুরের কার্যালয়ে দেখাতে যান। এ সময় স্বজনেরা প্রয়োজনে শিশুটিকে অন্য হাসপাতালে স্থানান্তরের অনুরোধ করেন। মিজানুর শিশুটি সুস্থ আছে বলে জানান। বিকেল চারটার দিকে শিশুটির খিঁচুনি উঠলে খোঁজাখুঁজি করেও কর্তব্যরত চিকিৎসককে পাওয়া যায়নি। সাড়ে চারটার দিকে শিশুটি মারা যায়।
তবে গতকাল স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা মিজানুর রহমানের কার্যালয়ে গেলে তিনি এ ব্যাপারে মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।