চিকিৎসকের আত্মহত্যা
রংপুর নগরের খলিফাপাড়া এলাকায় এক চিকিৎসক গলায় ধারালো ব্লেড চালিয়ে আত্মহত্যা করেছেন। গত শুক্রবার নিজ বাড়ির শৌচাগার থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির নাম এন আই আবতাবী (৬৫)। তিনি নগরের নর্দার্ন প্রাইভেট মেডিকেল কলেজের চিকিৎসক ছিলেন।
পুলিশ, মৃতের পারিবারিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। মাস খানেক আগে তিনি অতিরিক্ত ঘুমের ওষুধ সেবনের কারণে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত বৃহস্পতিবার তিনি বাড়ির সামনে ইসলামবাগ এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে গাড়ির নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
নিহত আবতাবীর স্ত্রী তানজিলা পারভীন জানান, তিনি ইতিমধ্যে দুই দফায় আত্মহত্যার চেষ্টা করেছেন। শুক্রবার শৌচাগারের মধ্যে তিনি নিজেই এ ঘটনা ঘটিয়েছেন।
কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) নবাব আলী বলেন, লাশের কাছ থেকে দুটি ধারালো ব্লেড উদ্ধার করা হয়েছে। তাঁর শ্বাসনালী কেটে গেছে। দুই হাতের কবজিতে ক্ষতচিহ্ন আছে।
রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের চিকিৎসক হরেন্দ্রনাথ গোস্বামী জানান, প্রাথমিকভাবে বলা যেতে পারে, এই মৃত্যুর ঘটনাটি একটি আত্মহত্যা।
কোতোয়ালি থানার ওসি আবদুল কাদের জিলানী বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। তিনি মৃত্যুর আগে একটি কাগজে লিখে গেছেন, তাঁর মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।