রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের একজন চিকিৎসককে অস্ত্রের মুখে তুলে নিয়ে থানায় আটকে রেখে পুলিশের ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগের সত্যতা মিলেছে।
এ ঘটনায় মহানগর পুলিশ কমিশনারের কাছে জমা দেওয়া পুলিশের (সদর) সহকারী কমিশনার গোলাম সাকলায়েনের তদন্ত প্রতিবেদনে ওই চিকিৎসকের অভিযোগের সত্যতা পাওয়া যায়। প্রতিবেদনে ঘটনায় জড়িত দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।
মহানগর পুলিশের উপকমিশনার (ডিসি, সদর) তানভীর হায়দার চৌধুরী গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, তদন্ত প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য অভিযুক্ত দুই পুলিশ সদস্যকে রাজশাহী পুলিশ সদর দপ্তরে তলব করা হয়েছে।
এদিকে, ওই চিকিৎসক তাঁর অভিযোগ প্রত্যাহার করে নিয়েছেন। এর কারণ জানতে চাইলে তিনি বলেন, এএসআই মজনু মিঞার তিনটি মেয়ে আছে। বৃদ্ধ মা-বাবা রয়েছে। তাঁদের মুখের দিকে চেয়ে তিনি অভিযোগটি প্রত্যাহারের জন্য অনুরোধ করছিলেন। তাই তিনি মানবিক কারণে অভিযোগটি প্রত্যাহার করে নেন।
প্রতিবেদনে বলা হয়, চিকিৎসককে চেম্বার থেকে তুলে নিয়ে যাওয়ার ব্যাপারে প্রধান ভূমিকা পালন করেন নগরের রাজপাড়া থানায় কর্মরত সহকারী উপপরিদর্শক (এএসআই) মজনু মিঞা। ঘটনার পরে তাঁকে চট্টগ্রাম রেঞ্জে বদলি করা হয়। তাঁর সঙ্গে ছিলেন নগরের কেশবপুর ফাঁড়ির কনস্টেবল শাহজাহান আলী। প্রথমে তাঁর নাম জাহিদ বলা হয়েছিল। পরে তদন্ত কর্মকর্তার কাছে ঘটনার শিকার ওই চিকিৎসক শাহজাহানকেই ঘটনার সঙ্গে জড়িত বলে শনাক্ত করেন।
গত ২৯ অক্টোবর প্রথম আলোর শেষ পৃষ্ঠায় ‘চিকিৎসককে চেম্বার থেকে তুলে নিয়ে চাঁদা দাবির অভিযোগ পুলিশের বিরুদ্ধে’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে কর্মরত ওই চিকিৎসককে গত ২০ অক্টোবর তাঁর ব্যক্তিগত চেম্বার থেকে অস্ত্রের মুখে তুলে নিয়ে নগরের রাজপাড়া থানায় গিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন দুই পুলিশ সদস্য। খবর পেয়ে চিকিৎসকের স্ত্রী লোকজন নিয়ে থানায় গেলে পুলিশ তাঁকে ছেড়ে দিতে বাধ্য হয়।