চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার
রাজধানীর ভাটারায় গতকাল বৃহস্পতিবার কমল কান্তি ঘোষ (৩২) নামে এক চিকিৎসকের লাশ উদ্ধার করা হয়েছে।
ভাটারা থানার পুলিশ জানায়, সেখানকার একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসক কমল কান্তি ঘোষ সস্ত্রীক স্থানীয় ১১৩৯ সমতা রোডে থাকতেন। গতকাল সকালে কমলের স্ত্রী ফ্যাশন ডিজাইনার মৌসুমি ঘোষ কর্মস্থলে যান। বিকেল পাঁচটার দিকে বাসায় ফিরে তিনি ভেতর থেকে ছিটকিনি লাগানো দেখতে পান। ডাকাডাকি করে কোনো সাড়া মেলেনি। এ সময় বাড়িমালিকের উপস্থিতিতে শাবল দিয়ে দরজা ভেঙে দেখা যায়, খাবার ঘরের ফ্যানের হুকের সঙ্গে রশি প্যাঁচানো অবস্থায় কমলের লাশ ঝুলছে। পরে ভাটারা থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) শাহ মো. সাজু মিয়া প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে কারণ জানা যায়নি।
ছাত্রের আত্মহত্যা: গতকাল রাতে খিলগাঁওয়ের পূর্ব রিয়াজবাগে নিজ ঘরের দরজা লাগিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন কলেজছাত্র ইয়াসির আরাফাত (২২)। পরিবারের সদস্যরা টের পেয়ে দরজা ভেঙে সিলিং ফ্যান থেকে দ্রুত তাঁকে নামিয়ে রাত সাড়ে নয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আরাফাত সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয় কলেজের মার্কেটিং বিভাগের ছাত্র ছিলেন।
আরাফাতের বড় ভাই রাফসানজানি প্রথম আলোকে বলেন, আরাফাত মানসিক সমস্যায় ভুগছিলেন। তাঁকে একজন মনোরোগ চিকিৎসককে দেখানো হচ্ছিল।