চিকিৎসকের বাড়িতে সন্ত্রাসী হামলা
চট্টগ্রামের রাউজানে এক চিকিৎসকের বাড়িতে হামলা ও ব্যাপক ভাঙচুর চালিয়েছে সন্ত্রাসীরা। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে গত রোববার ওই চিকিৎসকের নোয়াপাড়ার চেম্বারও বন্ধ করে দেয় হামলাকারীরা। হামলাকারীরা সরকার-সমর্থক বলে অভিযোগ পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সন্ধ্যা ছয়টায় ১০-১২ জন সন্ত্রাসী চিকিৎসক জাহাঙ্গীর আলমের নোয়াপাড়ার বাড়িতে যান। সন্ত্রাসীরা চিকিৎসকের পরিবারের সদস্যদের বাড়ি ছেড়ে চলে যেতে হুমকি দেন। একপর্যায়ে তারা বাড়ির টেলিভিশন, ফ্রিজ, সোফা সেট, শোকেস, ফ্যানসহ বাড়ির বিভিন্ন আসবাব ভাঙচুর করেছে।
ঘটনার সময় জাহাঙ্গীর আলম বাড়িতে ছিলেন না। তাঁর স্ত্রী ও সন্তানেরা হামলা থেকে বাঁচতে প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নেন। হামলা ও হুমকির ঘটনায় পরিবারটি নিরাপত্তাহীন হয়ে পড়েছে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, হামলাকারীরা সরকারদলীয় সাংসদ ফজলে করিম চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।
এ বিষয়ে বক্তব্য জানতে মুঠোফোনে সাংসদ ফজলে করিম চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হয়। কিন্তু প্রথম আলোর পরিচয় জানার পর তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে আরও দুবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।
জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, ‘রাজনৈতিক কারণে বাড়িতে হামলা ও চেম্বার বন্ধ করে দেওয়া হয়েছে। এর আগে গত ১৫ এপ্রিল আমাকে গ্রেপ্তার করা হয়। চার দিন আমি আটক থাকার পর জামিনে বেরিয়ে এলে নানাভাবে ওপর চাপ সৃষ্টি করা হয়।’ তিনি বলেন, ‘হামলাকারীরা এলাকার লোকজন। ওরা সরকার-সমর্থক। প্রভাবশালী একজন ব্যক্তির ইন্ধনে চিহ্নিত সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে। এখন স্ত্রী ও তিন সন্তান নিয়ে আতঙ্কে আছি। বিচার চাইব কার কাছে?’
হামলার বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ প্রথম আলোকে বলেন, ‘ডা. জাহাঙ্গীর আলমের গ্রামের বাড়িতে হামলার খবর আমার জানা নেই। আমি আপনার কাছ থেকে বিষয়টি প্রথম জানলাম। কারা হামলা চালিয়েছে তা আমরা খতিয়ে দেখব।’