চিকিৎসকের বিরুদ্ধে মাকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর পৌর শহরে এক চিকিৎসক তাঁর মাকে কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার পৌর শহরের মুকন্দবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মায়ের নাম ফাতেমা জামান (৬৫)। তিনি মুকন্দবাড়ী এলাকার মৃত সাইদুজ্জামানের স্ত্রী। তাঁকে হত্যায় জড়িত থাকার অভিযোগে তাঁর ছোট ছেলে ফয়সাল ইবনে সাঈদকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে। তিনি একজন এমবিবিএস চিকিৎসক। তিনি বিভিন্ন ক্লিনিকে রোগী দেখেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ফাতেমা জামান মুকন্দবাড়ী এলাকায় ফয়সালসহ দুই ছেলেকে নিয়ে বাস করতেন। গতকাল বিকেল পাঁচটার দিকে ফয়সাল ও তাঁর মায়ের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। একপর্যায়ে ফয়সাল একটি বঁটি দিয়ে তাঁর মাকে কুপিয়ে হত্যা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে গ্রেপ্তার করে এবং তাঁর মায়ের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত ফাতেমার বড় জামাতা হারুনুর রশিদ বলেন, তাঁর শ্যালক মাদকাসক্ত ছিলেন। মাদকের টাকার জন্য তিনি তাঁর মাকে চাপ প্রয়োগ করেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে তাঁর শ্যালক তাঁর শ্বাশুড়িকে কুপিয়ে হত্যা করেন। থানাহাজতে থাকায় এ বিষয়ে চেষ্টা করেও ফয়সালের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

এ বিষয়ে জামালপুর সদর থানার ওসি নাছিমুল ইসলাম বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। ছেলে হত্যার কথা স্বীকার করেছেন।’