চিকিৎসকের বিরুদ্ধে রোগীকে হুমকি দেওয়ার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের সার্জারি বিশেষজ্ঞ এ কে এম নিজাম উদ্দিন এক রোগীর সঙ্গে খারাপ আচরণ করেছেন ও তাঁকে হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার ওই রোগী চিকিৎসক এ কে এম নিজাম উদ্দিনের বিরুদ্ধে হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, শহরের কান্দিপাড়া এলাকার বাসিন্দা ওমর ফারুক হার্নিয়ায় ভুগছিলেন। গত ২৯ মে বেলা ১১টার দিকে তিনি চিকিৎসা নিতে সদর হাসপাতালে এ কে এম নিজাম উদ্দিনের কাছে যান। চিকিৎসক তাঁকে সদর হাসপাতালের পরিবর্তে ১ জুন শহরের পুরাতন কাচারিপুকুর-সংলগ্ন নাইটিঙ্গেল মেডিকেল সেন্টার হাসপাতালে অস্ত্রোপচার করান। ৩ জুন সেখান থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়।
লিখিত অভিযোগ সূত্রে আরও জানা গেছে, গত সোমবার দুপুর ১২টার দিকে ওমর ফারুক সেলাই কাটতে সদর হাসপাতালে চিকিৎসক নিজাম উদ্দিনের কাছে যান। কিন্তু তিনি সেখানে না থাকায় দুপুর সাড়ে ১২টার দিকে শহরের পুরাতন জেলা রোড এলাকার সেন্ট্রাল ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যান। তখন ওই চিকিৎসক ওমর ফারুককে পরে আসতে বলেন। একই দিন বেলা আড়াইটার দিকে তিনি আবার ওই ডায়াগনস্টিক সেন্টারে গেলে চিকিৎসক তাঁকে বাইরে অপেক্ষা করতে বলেন।
ওমর ফারুক অভিযোগ করে বলেন, ‘ওই চিকিৎসক দুপুর ১২টায় সদর হাসপাতালে ডিউটি বাদ দিয়ে প্রাইভেট ক্লিনিকে রোগী দেখছিলেন। আমি দেখা করতে গেলে আমাকে বাইরে অপেক্ষা করতে বলেন। দীর্ঘক্ষণ অপেক্ষার পর একপর্যায়ে তাঁর কাছে এর কারণ জানতে চাইলে তিনি আমাকে দেখে নেবেন বলে হুমকি দেন। তিনি আমার বিরুদ্ধে মামলা দিবেন বলে হুমকি দেন।’
এ কে এম নিজাম উদ্দিন বলেন ‘আমি বেলা দুইটা পর্যন্ত হাসপাতালে ছিলাম। আর ওই রোগীকে আমি কোনো হুমকি দিইনি। বরং ওই রোগী আমার সাথে খারাপ আচরণ করেছে।’
সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক শওকত হোসেন বলেন, ‘একজন রোগী হুমকি দেওয়ার বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। ওই চিকিৎসক আড়াইটা পর্যন্ত হাসপাতালে ছিল কি না, তা যাচাই করা হবে এবং তার কাছে বিষয়টি জানতে চাওয়া হবে।’